রেজাউল করিম, মোথাবাড়ি: মালদা শহরের হায়দারপুর জামে মসজিদের ইমাম মুহাম্মদ সাজেদুর রহমান বেঙ্গালুরুতে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। হায়দারপুর জামে মসজিদে টানা ৫৩ বছর ইমাম হিসেবে কর্মরত ছিলেন তিনি। চলতি রমযান মাসের শুরুতে অসুস্থতার কারণে মসজিদ কর্তৃপক্ষ তাঁকে ইমামতি থেকে বিশ্রাম দেন।
সম্প্রতি চিকিৎসার লক্ষ্যে বেঙ্গালুরু যান তিনি। গত রবিবার দুপুর ২-৩০টা নাগাদ সেখানেই মারা যান।আরও পড়ুন:
সোমবার রাতে মরদেহ মালদায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে জানান হায়দারপুর মুসলিম সমাজের সর্দার সারাফাত আলি। তিনি আরও বলেন, সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবারই তাঁর দাফন সম্পন্ন হবে মালদা শহর থেকে ৩০ কিমি দূরে রতুয়া থানার পরানপুর গ্রাম পঞ্চায়েতের মিরজাদপুরে।
তাঁর মরদেহ হায়দারপুরে কিছুক্ষণ রেখে রতুয়ার মিরজাদপুর গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁকে কবরস্থ করা হবে বলে মসজিদ কমিটি সূত্রে জানা গিয়েছে।উল্লেখ্য, মরহুম সাজেদুর রহমান দক্ষিণ দিনাজপুরের মহদিপুরে দু'বছর পড়াশোনা করেন। তিনি উত্তরপ্রদেশের ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসায় হাফেজ ও ক্বারী ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৬৯ সাল থেকেই তিনি হায়দারপুর জামে মসজিদে ইমামতি শুরু করেন। এর আগে হায়দারপুর জামে মসজিদে ইমামতির পঞ্চাশ বছর পূর্তিতে তাঁকে সংবর্ধিত করে সংশ্লিষ্ট মসজিদ কমিটি।