পুবের কলম ওয়েব ডেস্কঃ পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ব্যর্থতা ভুলে নতুন করে বাংলায় প্রচারে ঝাঁপাতে চলেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ তাবড় নেতারা জোর প্রচার চালাবেন বঙ্গে। জানা গিয়েছে, নতুন বছরের শুরুতেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন:
বিজেপি সূত্রে খবর, ১৯ জানুয়ারি শিলিগুড়িতে একটি জনসভা করবেন তিনি। অর্থাৎ, উত্তরবঙ্গ থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছে পদ্মশিবির। ২০২৩ সালে রাজ্যে ১৪টি জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। যদিও চূড়ান্ত সূচি এখনও প্রকাশ করেনি বিজেপি।
বিজেপি সূত্রে আরও জানা যাচ্ছে, ৭-৮ জানুয়ারি জে পি নাড্ডা সভা করবেন রাজ্যে। প্রথম সভা হবে ৭ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরে। ১৭ জানুয়ারি আসবেন অমিত শাহ। হুগলির আরামবাগ ও দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে জনসভা করতে পারেন শাহ।আরও পড়ুন:
এরপর মার্চে মতুয়াদের সভাতেও আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। ২০২৩ সালে বঙ্গে অন্তত ৪০টির মতো সভা করার কথা ভাবছে বিজেপি। সেখানে বিজেপির তাবড় কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন। শাহ ও নাড্ডা দু’জনে মোট ২৪টি সভা করবেন বলে খবর। উল্লেখ্য, গত লোকসভা ভোটে বাংলায় ১৮ আসনে জয়লাভ করে আলোড়ন ফেলে দিয়েছিল বিজেপি। কিন্তু, সেই আসনগুলির অনেকটিতেই এখন আর জেতার মতো পরিস্থিতিতে নেই পদ্ম শিবির। আর তাই পুরনো রেকর্ড ধরে রাখতে কোনও ঝুঁকি নিতে চাইছে না বিজেপি।