শ্রীনগর, ২৭ ডিসেম্বর: পুঞ্চে সেনা হেফাজতে ৩ সাধারণ মানুষের উপর অকথ্য নির্যাতন ও মৃত্যুর ঘটনায় কেঁপে গিয়েছে গোটা উপত্যকা। এই পরিস্থিতিতে তড়িঘড়ি কাশ্মীর সফরে গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখান থেকে তিনি সেনা বাহিনীর উদ্দেশ্যে বলেন, সন্ত্রাসকে যেমন নির্মূল করতে হবে একইভাবে সাধারণ মানুষের হৃদয়ও জিততে হবে। রাজনাথের কথায়, ‘এমন কোনও ভুল করবেন না, যা দেশবাসীকে আঘাত করে।’
আরও পড়ুন:
উপত্যকার বর্তমান পরিস্থিতিতে রাজনাথের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
রাজনৈতিক মহলের বক্তব্য, কাশ্মীরি যুবকদের উপর সেনা বাহিনীর অত্যাচার নতুন কিছু নয়। তা নিয়ে কাশ্মীরের মানুষের মনে তীব্র ক্ষোভ রয়েছে। তার উপর সেনা হেফাজতে ৩ কাশ্মীরি যুবকের মৃত্যুর ঘটনায় সেই ক্ষোভ আরও বেড়েছে। পাশাপাশি, ৩৭০ রদ নিয়েও কাশ্মীরের মানুষের মধ্যে চাপা আক্ষেপ রয়েছে। সেই ক্ষোভকে প্রশমিত করতেই রাজনাথের এই মন্তব্য।আরও পড়ুন:
উপত্যকায় পৌঁছানোর পর বুধবার একাধিক বৈঠক করেন রাজনাথ। সেনা হেফাজতে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। মৃতের পরিবারের সদস্যদের তিনি আশ্বাস দেন, ন্যায় বিচার মিলবে। পাশাপাশি, সেনা হেফাজতে থাকার সময় ‘নির্যাতনের শিকার’ হয়েছে এমন আহত ব্যক্তিদের দেখতে জিএমসি হাসপাতালে যান রাজনাথ। সেখানে তাদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
বুধবার দুপুরে রাজৌরি পৌঁছান সেনা হেফাজতে নিহতের পরিবারের সদস্যরা। সেখানে ডাকবাংলোতে তাঁদের সঙ্গে বৈঠক করেন রাজনাথ। সেখানে তিনি বলেন, ‘ঘটনা যাই ঘটুক না কেন, নিহত পরিবারের সদস্যরা ন্যায় বিচার পাবে।’আরও পড়ুন:
রাজৌরিতে সেনা বাহিনীর উদ্দেশ্যে রাজনাথ বলেন, ‘আপনারা দেশের রক্ষক। আমি আপনাদের অনুরোধ করতে চাই, দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, জনগণের মন জয় করার দায়িত্বও রয়েছে আপনাদের। এমন কোনও ভুল হওয়া উচিত নয়, যা একজন ভারতীয়কেও আঘাত করে। আমাদের যুদ্ধে জিততে হবে, সন্ত্রাসীদেরও নির্মূল করতে হবে। কিন্তু এর চেয়েও বড় লক্ষ্য হল মানুষের মন জয় করা।