ইনামুল হক, বারাসাতঃ কুরআন আল্লাহর পায়গাম। দুনিয়ার জীবন যাপনের সবচেয়ে উৎকৃষ্ট আদর্শ যার মধ্যে রয়েছে সেই কুরআনকে গাইডবুক হিসেবে নিলে দুনিয়ায় যেমন ভালো জীবন যাপন করা যাবে, তেমনি একজন ভালো মানুষ হওয়া যাবে। যে যে ভাষায় কুরআন জানে সেই ভাষায় কুরআনকে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

রবিবার বারাসতের টাকি রোডের ধারে শিমুলতলা জামে মসজিদ প্রাঙ্গনে তাফসীরুল কুরআন বিতরণ অনুষ্ঠানে এমনই বক্তব্য তুলে ধরেন কলকাতার নাখোদা মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী শফিক কাসেমি সাহেব।

এদিন তিনি যাদের হাতে বাংলা কুরআনের তফসির তুলে দেন তাদের উদ্দেশ্য করে বলেন, এই ভাবেই প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে সব জাতি, ধর্ম, ভাষাভাষী মানুষের কাছে তাদের নিজ নিজ ভাষায় কুরআনের তাফসীর পৌঁছে দেওয়ার। ইনস্টিটিউট অফ কম্প্রিহেনসিভ হেলথ  এণ্ড এডুকেশনাল রিসার্চ এর উদ্যোগে এই অনুষ্ঠানে আমানত ফাউন্ডেশন ট্রাস্ট ও আল কোরআন একাডেমী লন্ডন এর পক্ষ থেকে এলাকাবাসীর হাতে বাংলা তাফসিরুল কুরআন ও কুরআন বিষয়ক একটি গাইডবুকও  তুলে দেওয়া হয়।The best example of living with the Qur'an as a guidebook: Kari Shafiq Qasemi

উদ্যোক্তা সংগঠনের সভাপতি অধ্যাপক মুফতি কামাল উদ্দিন খান বলেন, আগামীদিনে এই ধরনের কোরআন বিতরণী অনুষ্ঠান বিভিন্ন এলাকায় করা হবে। এদিন বারাসাত কাজীপাড়া সংলগ্ন বিভিন্ন মসজিদগুলির দায়িত্বশীল ব্যক্তিদের কাছে এই তফসিল কুরআন পৌঁছে দেওয়া হয় বলে তিনি জানান।
বক্তব্য রাখেন আদর্শ কলেজ অফ এডুকেশন এন্ড একাডেমী এর ডিরেক্টর হাফেজ আবু তাহের।তিনি বলেন, কুরআন বিতরণ করার পাশাপাশি সেগুলো নিয়ে  যাতে চর্চা করা হয় সে বিষয়েও উদ্যোগী হতে হবে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার মাবিয়া আহমেদ, শিক্ষক মাওলানা রুহুল আমিন, আয়োজক সংগঠনের সম্পাদক ডা. নাসির উদ্দিন, আল কুরআন একাডেমী লন্ডনের প্রতিনিধি ও অল ইন্ডিয়া উলামা বোর্ডের রাজ্য সম্পাদক  মোহাম্মদ রাকিব হক প্রমুখ।

উপস্থিত ছিলেন আমনত  ফাউন্ডেশন ট্রাস্ট ও আল কুরআন একাডেমী লন্ডন প্রতিনিধি শেখ আব্দুল আজিজ, সাবির আহমেদ, সমাজসেবী নওশাদ হোসেন, মুখতার আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে হামদ ও নাত-এ রসুল পেশ করেন আশিক মিরাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল হালিম।