পুবের কলম ওয়েব ডেস্কঃ গঙ্গাসাগার মেলার প্রস্তুতি তুঙ্গে। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতেই সাগরদ্বীপে  যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূচি অপরিবর্তিত থাকলে আগামী ৪ জানুয়ারি কলকাতা থেকে সাগরের উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানে থেকেই  মেলা সংক্রান্ত যাবতীয়  প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি।

মেলা পরিদর্শনের কাজ শেষ করে কপিল মুনির আশ্রমেও যেতে পারেন তিনি বলেই তৃণমূল সূত্রে খবর।

উল্লেখ্য, ৪ তারিখে গঙ্গাসগার যাবেন তিনি। পরের দিন  ৫ জানুয়ারি সেখানকার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। তারপরের দিন অর্থাৎ  ৬ তারিখ কলকাতা ফিরে আসবেন তিনি, এমনটাই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন বলেই খবর।

তাই জেলা প্রশাসনের শীর্ষকর্তা থেকে শুরু করে সভাধিপতি শামিমা শেখ গঙ্গাসাগরে উপস্থিত থাকবেন।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগামী ১৪ জানুয়ারি সাগরদ্বীপে  পৌষ সংক্রান্তির পুণ্যতিথিতে হিন্দু ধর্মমতে পুণ্যস্নান করবেন তীর্থযাত্রীরা। এ বার কুম্ভমেলা না থাকায় গঙ্গাসাগর মেলাতেই রেকর্ডসংখ্যক ভিড় হবে বলে অনুমান রাজ্য প্রশাসনের। তাই এক মাস আগে থেকেই মেলা সংক্রান্ত বিষয়ে যাবতীয় প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। তাই প্রশাসনের প্রস্তুতির পর্ব দেখতে গঙ্গাসাগরে হাজির হওয়ার ব্যাপারে মনস্থির করেছেন মুখ্যমন্ত্রী।