উজ্জ্বল বন্দোপাধ্যায়, কুলতলি: সুন্দরবনের কুলতলিতে বাঘে-মানুষে লুকোচুরি খেলা চলছে গত ৫ দিন ধরে। গত বুধবার কুলতলির মৈপিঠে ঢুকে পড়ে বাঘটি। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার কুলতলিতে মাতলা চর এলাকায় শোনা যায় বাঘের গর্জন। তারপর থেকে বাঘটিকে খাঁচাবন্দি করার চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা। কিন্তু প্রতিবারই দক্ষিণা রায় গা ঢাকা দিয়েছেন। রবিবার বাঘ আটক করতে গিয়ে বাঘের ভয়ে পড়ে গিয়ে জখম হয়েছেন মোতালেফ মোল্লা নামে কুলতলির মেরীগঞ্জ ২ নং অঞ্চলের ডোঙাজোড়ার এক ব্যক্তি।
এই ঘটনা ঘটেছে কুলতলির মেরিগঞ্জ দুই নম্বর অঞ্চলের ডোঙাজোড়া-মিশ্রেরচক এলাকার শেখপাড়ায়। আহত ব্যাক্তিটি বর্তমানে কুলতলি ব্লক হাসপাতালে চিকিৎসাধীন।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রথমে বাঘটি জঙ্গল পেরিয়ে ঢুকে পড়েছিল মৈপিঠের লোকালয়ে। তারপর বন দফতর বাঘ বন্দী করতে এলাকা ঘিরে দেয়।কিন্তু বাঘ ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়। শনিবার বড়দিন উপলক্ষ্যে পর্যটকরা ভিড় করেছিলেন কুলতলির কেল্লা এলাকায়।
সেখানে পিকনিক চলাকালীন আচমকা শোনা যায় বাঘের গর্জন। রাত পোহাতেই রবিবার সকালে মেরিগঞ্জ ২ নং অঞ্চলের ডোঙাজোড়া-মিশ্রেরচক এলাকার শেখপাড়ায় ফের বাঘের গর্জন শোনা যায়। ফের বাঘ ধরতে নেমে পড়েন বনকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ।The people of Kultali are hesitant to play hide and seek with tigers and humans in the Sundarbans

বনকর্মীদের পাশাপাশি ঘটনাস্থলে যায় কুলতলি থানার পুলিশও। তাঁরা স্থানীয় বাসিন্দাদের সাবধান করে দেন। নতুন করে নদীর চারপাশ জাল দিয়ে ঘেরা শুরু হয়।
এরমধ্যেই বাঘের গর্জন শুনে আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করেন স্থানীয়রা। বনদফতর সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা পর্যন্ত বাঘের নির্দিষ্ট অবস্থান জানা যায় নি। তবে কিছুটা অনুমান করে এ দিন সন্ধ্যায় দুটি খাঁচা পাতা হয়েছে ডোঙাজোড়া মিশ্রের চক শেখ পাড়া লাগোয়া জঙ্গল এলাকায়। তবে বাঘটিকে খাঁচাবন্দি করতে বেশ বেগ পেতে হচ্ছে বন কর্মীদের। এদিন বেলায় এখানকার গ্রাম বাসীদের বিক্ষোভের মুখে পড়েন বনকর্মীরা। তবে বনকর্মীরা গ্রামবাসীদের দ্রুত বাঘ ধরার আশ্বাস দিলে তাঁরা শান্ত হন। তবে এই বাঘ মানুষের লুকোচুরি খেলা আর কদিন চলবে তা নিয়ে দ্বিধাগ্রস্থ কুলতলির মানুষ।