পুবের কলম, ওয়েবডেস্ক: রান্নার গ্যাসের (LPG) আকাশছোঁয়া দাম এবং ক্রমবর্ধমান সংকটের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল সংসদ চত্বর। সোমবার সংসদের গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের সাংসদরা একজোট হয়ে এই বিক্ষোভ প্রদর্শন করেন। সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠা এই পরিস্থিতির জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন তাঁরা।
এদিনের প্রতিবাদ কর্মসূচিতে সামনের সারিতে দেখা যায় তৃণমূলের হেভিওয়েট নেত্রীদের।
তৃণমূল সাংসদদের দাবি, সিলিন্ডার পিছু দাম সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষের পকেটে টান পড়লেও সরকার উদাসীন। রান্নার গ্যাসের পর্যাপ্ত যোগান নিশ্চিত করতে কেন্দ্র ব্যর্থ। বিরোধী দলগুলোর অভিযোগ, অধিবেশন চলকালীন গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ দিচ্ছে না শাসক দল, যার ফলে বাধ্য হয়েই তাঁদের রাজপথে বা চত্বরে প্রতিবাদ জানাতে হচ্ছে। সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্য, সরকার বলছে বুকিংয়ের আড়াই দিনের মধ্যেই সিলিন্ডার পাওয়া যাবে, কিন্তু বাস্তবে আট থেকে দশ দিন অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না মানুষ। তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়ি বাড়ি গিয়ে বাস্তব পরিস্থিতি দেখার চ্যালেঞ্জ জানান।