আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি ও দফতরে ইডি তল্লাশির প্রতিবাদে শুক্রবার সকালে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে ধর্নায় বসেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তাঁদের অভিযোগ, তৃণমূলের নির্বাচনী তথ্য হাতাতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হয়েছে।
তবে ধর্না শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দিল্লি পুলিশের একটি বড় দল ঘটনাস্থলে পৌঁছে সাংসদদের সরে যাওয়ার নির্দেশ দেয়। তাঁরা রাজি না হওয়ায় ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, এরপর তৃণমূল সাংসদদের চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়। ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, বাপি হালদার, শতাব্দী রায়, সাকেত গোখলে-সহ আট সাংসদকে আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনায় দিল্লি পুলিশের ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। সাংসদদের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই এই দমনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।





























