পুবের কলম, নয়াদিল্লি: ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কের এক ঐতিহাসিক মোড় পরিবর্তনের কয়েক ঘণ্টার মধ্যেই দেশবাসীর আত্মবিশ্বাসের ওপর গুরুত্বারোপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রধানমন্ত্রী জানান, ‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে নাগরিকদের আত্মবিশ্বাসই হবে প্রধান চালিকাশক্তি। ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর আমদানিকুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়ার পরই প্রধানমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
“আত্মবিশ্বাস হলো এমন এক শক্তি, যার সাহায্যে সবকিছুই সম্ভব।” মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্টের মাধ্যমে দেশবাসীকে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তাঁর পোস্টে উল্লেখ করেন, নাগরিকদের এই ক্রমবর্ধমান আত্মবিশ্বাসই ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত বা সমৃদ্ধ ভারত গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। তিনি মনে করেন, প্রতিকূল পরিস্থিতিতেও ভারতের শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা এবং সাফল্যের শিখরে পৌঁছানোর মূল চাবিকাঠি হলো এই মানসিক শক্তি। প্রধানমন্ত্রীর লেখেন, “সাহস এবং আত্মবিশ্বাসের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়, দক্ষতা ও নৈপুণ্যের মাধ্যমে তা স্থিতিশীল থাকে এবং যখন তা শৃঙ্খলার মাধ্যমে সুরক্ষিত হয়, তখন তা রাষ্ট্রের সামগ্রিক অগ্রগতিতে অবদান রাখে।”
ভারতের ক্রমবর্ধমান বাজার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই নমনীয় শুল্ক নীতি মোদী সরকারের কূটনৈতিক ও বাণিজ্যিক দূরদর্শিতার বড় জয় হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর আজকের বার্তাটি মূলত দেশের যুব সমাজ ও শিল্পপতিদের প্রতি এক বিশেষ উৎসাহবাণী, যারা ভারতকে বিশ্বমঞ্চে এক শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করে চলেছেন।




























