পুবের কলম, ওয়েবডেস্ক: লিওনেল মেসিকে এক ঝলক দেখার আশায় জমায়েত করা দর্শকদের হট্টগোলে রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন। এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। যুবভারতীকাণ্ডে এবার পদত্যাগ করতে ইচ্ছেপ্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে মন্ত্রীপদ থেকে পদত্যাগ করার প্রস্তাব দিয়েছেন তিনি। যদিও অরুপের পদত্যাগের প্রস্তাবের বিষয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা এখনও জানা যায়নি।
যুবভারতীকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন ক্রীড়া মন্ত্রী বলে খবর।আরও পড়ুন:
এদিন মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি অরুপ উল্লেখ করেছেন, "দিদি, আমার শ্রদ্ধা নিন। ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন বিশ্ব ফুটবলার লিওনেল মেসি এবং সেখানে একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনি ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছেন। একটি নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাই।
আমি অনুরোধ করছি, আপনি অনুগ্রহ করে আমার এই আবেদনটি গ্রহণ করুন।"আরও পড়ুন:
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর, শনিবার যুবভারতীর গ্যালারি থেকে মেসির এক ঝলক দেখতেও বঞ্চিত হন দর্শকরা। অভিযোগ, নেতা–মন্ত্রী ও আমলাদের ভিড়ে সাধারণ দর্শকরা কিছুই দেখতে পাননি। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে হতাশ হয়ে ক্ষোভে ফেটে পড়েন ফুটবলপ্রেমীরা। সেই ক্ষোভ থেকেই শুরু হয় ভাঙচুর ও তাণ্ডব।
এই ঘটনায় দুঃখপ্রকাশ করে প্রকাশ্যে ক্ষমা চান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেন তিনি। এদিকে মঙ্গলবার সেই তদন্ত কমিটি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করেছে। ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব করা হয়েছে। পাশাপাশি বিধাননগরের কমিশনার মুকেশ কুমার, যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ কুমার সিনহাকেও শোকজ করা হয়েছে।