পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশী নেতার সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি নিয়ে এবার ফুঁসে উঠলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর সাফ কথা, বাংলাদেশ যদি এমন দিবাস্বপ্ন দেখে, তাহলে ভারতও চুপ করে বসে থাকবে না।
ইউনুস সরকারকে নিশানা করে হিমন্ত স্পষ্ট বলছেন, “বাংলাদেশের উচিত সংযত হওয়া। সেভেন সিস্টার্স নিয়ে এক বছর ধরেই নানারকম কথাবার্তা শোনা যাচ্ছে। বাংলাদেশ এসব ভাবে কী করে। আমরা এত বড় দেশ। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। পরমাণু শক্তিধর। কীভাবে সেভেন সিস্টার্স আলাদা করবে?” মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি, “এভাবে বারবার ভারত নিয়ে বেফাঁস কথা বলে গেলে আমরা কিন্তু চুপ করে বসে থাকব না।”
ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা-কে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স৷ সোমবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করেন জাতীয়তাবাদী নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর৷ হুমকি দিয়ে তিনি বলেন, “আমরা বিচ্ছিন্নতাবাদী ও ভারতবিরোধী শক্তিগুলোকে আশ্রয় দেব, তারপর ভারতের সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করব। যারা শেখ হাসিনাকে আশ্রয়, প্রশ্রয় দিচ্ছে, অর্থ-প্রশিক্ষণ দিচ্ছে, তাদের উচিত শিক্ষা দিতে হবে।”
এনসিপি নেতার বক্তব্য, “আমি ভারতকে পরিষ্কার করে বলতে চাই যে, বাংলাদেশের সার্বভৌমত্ব, সম্ভাবনা, ভোটাধিকার ও মানবাধিকারকে সম্মান না করা শক্তিকে যদি আপনি আশ্রয় দেন, তাহলে বাংলাদেশ জবাব দেবে।” হুঁশিয়ারি দিয়ে হাসনাত বলেন, “বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়ে পড়ে, তাহলে প্রতিরোধের আগুন তার সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়বে।” ভারতের ভূমিকার সমালোচনা করে হাসনাত বলেছিলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরেও বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ প্রয়োগের জন্য ‘শকুনদের’ প্রচেষ্টার মুখোমুখি হতে থাকে।





























