পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের পর পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবকে নিয়ে গঠিত একটি উদীয়মান সামরিক জোটে বাংলাদেশ যোগ দিতে পারে, এমন জল্পনা আন্তর্জাতিক মহলে জোরদার হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে উচ্চপর্যায়ের সামরিক বৈঠক এবং পাকিস্তান–সৌদি আরবের কৌশলগত প্রতিরক্ষা চুক্তি এই আলোচনাকে নতুন গতি দিয়েছে। খবর দৈনিক ইত্তেফাকের।
বিশ্লেষকদের মতে, নতুন সরকার ক্ষমতায় এলে এই জোটে বাংলাদেশের অংশগ্রহণ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তুরস্কের ন্যাটো-শক্তি, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ও সৌদি আরবের আর্থিক শক্তির সঙ্গে যুক্ত হলে জোটটি আরও শক্তিশালী হবে। বাংলাদেশের জন্য এই অংশীদারিত্বের মূল দিক হতে পারে সামরিক প্রশিক্ষণ, যৌথ মহড়া, গোয়েন্দা সহযোগিতা ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে নির্বাচনের পর গঠিত সরকারের পররাষ্ট্রনীতির ওপর।
































