পুবের কলম, ওয়েবডেস্কঃ অপহৃত ভারতীয় সেনা জওয়ান জাভেদ আহমেদ ওয়ানি। গাড়ি থেকে তাঁকে অপহরণ করা হয় বলে পরিবারের অভিযোগ। ওই সেনা জওয়ান জম্মু কাশ্মীরের কুলগাম জেলার অচথাল এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, জাভেদ লাদাখে পোস্টিং ছিল। ছুটিতে বাড়ি এসেছিল।

এদিন সে তাঁর গাড়ি নিয়ে মুদির জিনিসপত্র কিনতে চোয়ালগামে গিয়েছিলেন। রাত্রি হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করে। পারনহাল গ্রামে তার গাড়িটি খোলা অবস্থায় দেখতে পায়। গাড়িতে তার জুতো ও রক্তের দাগ দেখতে পান পরিবারের সদস্যরা।

এক সেনা আধিকারিক জানান, শনিবার ৮ টা থেকে জাভেদ নিখোঁজ হয়েছিল। গতকাল সন্ধ্যার পরে পারাহলে তাঁর গাড়ি পাওয়া যায়।

অপহৃত সেনাকে খুঁজে বের করতে ভারতীয় সেনা বাহিনী ও পুলিশ বাহিনী তল্লাশি শুরু করেছে। অতীতে বাড়ি থাকা অবস্থায় বেশ কয়েকজন সেনাকে ওই এলাকা থেকে সন্ত্রাসবাদীরা অপহরণ করে খুন করে। ফলে অতীত থেকে শিক্ষা নিয়ে আপাতত এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।