পুবের কলম, ওয়েবডেস্ক: মহিলা সংরক্ষণ বিল পাস করানোর ঐতিহাসিক লক্ষ্য নিয়ে এগোলেও, লোকসভায় শেষ রক্ষা হলো না এনডিএ শিবিরের। শুক্রবার ভোটাভুটির সময় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না মেলায় বিলটি পাস হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত আবেদন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বড়সড় আশ্বাসের পরেও বিরোধী শিবিরের মন গলাতে পারেনি সরকার।
আরও পড়ুন:
ভোটগ্রহণের ঠিক আগেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ আবেগঘন পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রতিটি রাজনৈতিক দলের কাছে আবেদন জানিয়ে লিখেছিলেন, “কিছুক্ষণের মধ্যেই লোকসভায় ভোটগ্রহণ হবে।
আমি সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করছি— দয়া করে গভীরভাবে বিবেচনা করে এবং সংবেদনশীলতার সঙ্গে মহিলা সংরক্ষণের পক্ষে ভোট দিন।”আরও পড়ুন:
মোদি সরকারের লক্ষ্য ছিল মহিলা সংরক্ষণের আইন সংশোধন এবং ডিলিমিটেশন কমিশন গঠন করা। কিন্তু বিরোধী দলগুলির বড় অংশ ডিলিমিটেশন প্রক্রিয়ার সঙ্গে মহিলা সংরক্ষণকে জুড়ে দেওয়ার তীব্র বিরোধিতা করে। এর ফলে সরকার পক্ষ ভোটাভুটিতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এদিকে লোকসভায় বিলটি হোঁচট খাওয়ার পর রাজ্যসভার অধিবেশনও স্থগিত করে দেওয়া হয়। শনিবার সকাল ১১টায় ফের উচ্চকক্ষের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।