পুবের কলম,ওয়েবডেস্ক: পাহাড়, আগ্নেয়গিরি, সমুদ্র, হ্রদ ও ঘন অরণ্যের মধ্য আমেরিকার সবচেয়ে জনবহুল রাষ্ট্র হল গুয়াতেমালা। গুয়াতেমালার একটি চিরহরিৎ অরণ্যের তলায় সন্ধান মিলেছে ৩ হাজার বছরের এক প্রাচীন সভ্যতার।

কথিত রয়েছে, মেক্সিকোর সীমান্তে গুয়াতেমালার একাধিক জায়গায় গড়ে উঠেছিল মায়া সভ্যতা। সম্প্রতি মায়া সভ্যতার ৪১৭টি শহরের ধ্বংসাবশেষ মিলল।
বিজ্ঞানীদের অনুমান, শহরগুলি ১ হাজার খ্রিষ্টপূর্বাধ প্রাচীন হতে পারে। আমেরিকা ও গুয়াতেমালার যৌথ গবেষণা দল এক সাক্ষাৎকারে জানায়, অন্তত ৩ হাজার বছর পুরানো ৪১৭টি মায়া শহর ১৭৭ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।

এই আবিষ্কার মায়া সভ্যতা নিয়ে ঐতিহাসিকদের ফের একবার ভাবতে বাধ্য করেছে। নতুন করে আবিষ্কৃত শহর-রাস্তার যোগাযোগ, হাইড্রুয়ালিক ব্যবস্থা ও চাষবাসের অবকাঠামো থেকে বোঝা যায়, মধ্য আমেরিকায় বসবাসকারী সম্প্রদায়গুলি আগের ধারনার চেয়ে অনেক বেশি উন্নত ছিল।

গভীর জঙ্গলের তলায় হাজার হাজার বছর ধরে লুকিয়ে থাকা শহরের অবকাঠামো খুঁজে বের করতে অত্যাধুনিক রাডার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতদিন আমেরিকা মহাদেশের ইতিহাস সম্পর্কে যা জানা যায় তা  পুনর্র্নিমাণ করার সম্ভাবনা রয়েছে এই অনুসন্ধানে।

 নথি অনুসারে, এই আবিষ্কারগুলি তৎকালীন ‘আর্থ-সামাজিক সংগঠন এবং রাজনৈতিক শক্তি’-কে প্রতিফলিত করে। গুয়াতেমালা সিটির সান কার্লোস ইউনিভার্সিটির প্রত্নতাত্ত্বিক এনরিক হার্নান্দেজ বলেছেন, খননকাজ চালিয়ে গেলে মিশরীয় পিরামিডের মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আবিষ্কারও করা যেতে পারে।