পুবের কলম প্রতিবেদক, বিন্নাগুড়ি: সাতসকালে চোদ্দটি হাতির দল আটকে পড়ল মাঝ রাস্তায়। সোমবার সকালে বিন্নাগুড়ি ও বানারহাটের মাঝে এয়ারফিল্ড এলাকায় হাতির দলটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডে। খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছেন বনকর্মীরা।

ইতিমধ্যে হাতি দেখতে প্রচুর পথচলতি মানুষ ও ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকেরা সেখানে দাঁড়িয়ে পড়েন এবং হাতির ছবি ক্যামেরাবন্দী করতে শুরু করে।এভাবে কাছ থেকে হাতির দর্শন পেয়ে রীতিমতো খুশি পর্যটকরা। এইভাবে হাতি দেখতে দাঁড়িয়ে পড়ায় বিপদের আশঙ্কা কয়েকগুণ বেড়ে যায়। আর এই কারনেই বানারহাট থানা ও বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ রাস্তার পাশে দাড়িয়ে থাকা মানুষজনদের সেই এলাকা থেকে সরিয়ে দেন।
অনেকেই হাতি দেখতে উঠে পড়েন গাছের মগডালে।

সকালেই একবার হাতির দলটিকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করা হয়েছিল।তবে সেই সময় দলটিকে জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব হয়নি। সন্ধ্যার পর হাতির দল থেকে ফের একবার জঙ্গলে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন বনকর্মীরা।
A group of 14 elephants and lens-stranded tourists are trapped in the airfield area of ​​Binnaguri

বনদফতর সূত্রে খবর হাতির দলটি নিজেদের করিডর ধরে রেতির জঙ্গল থেকে মোরাঘাটের জঙ্গলে যাওয়ার পথে এয়ারফিল্ড এলাকায় আটকে যায়। দলটির ওপর নজর রাখছেন বনকর্মীরা, যাতে সাধারণ মানুষ কোনভাবেই হাতির সংস্পর্শে চলে না আসে।মাঝেমধ্যে দেখা যায় লোকালয়ে আটকে পড়া হাতির দলের সামনে চলে আসে সাধারণ মানুষ আর সেই সময় ঘটে বন্যপ্রাণ ও মানুষ সংঘাত। আর এতে বন্যপ্রাণ এবং মানুষ উভয়েরই ক্ষতির সম্ভাবনা থেকে যায়। সাম্প্রতিককালে বেশ কয়েকটি এলাকায় বন্য জন্তুর হামলায় মানুষের মৃত্যুর খবর সামনে উঠে এসেছে পাশাপাশি মৃত্যু হয়েছে বন্যপ্রাণেরও। এই সমস্ত ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এই কারণে বাড়তি সতর্ক বনদফতর।