পুবের কলম ওয়েবডেস্ক: বিবিসির তথ্যচিত্রের প্রভাব এবার কংগ্রেসে।  দল ছাড়ার ঘোষণা দিলেন অনিল অ্যান্টনি। এদিন টুইট বার্তায় কেরালার কংগ্রেসের সমস্ত পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির পুত্র অনিল অ্যান্টনি এদিন আরও বলেন,  যে দলটি দীর্ঘদিন বাকস্বাধীনতার জন্য লড়ে এসেছে, সেই দলই  আমার একটি টুইট মুছে দেওয়ার জন্য রীতিমতো জোর করছে। সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।

তাই দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমি।

অনিল অ্যান্টনি বলেন, বিবিসির  মতামতকে গুরুত্ব দেওয়া দেশের সার্বভৌমত্বকে প্রভাবিত করবে। বিবিসির এই ডকুমেন্টারিতে গুজরাট দাঙ্গার সঙ্গে প্রধানমন্ত্রী মোদির কথাও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, তিনি এমন সময় পদত্যাগ করলেন, যখন মোদীকে নিয়ে তৈরি বিবিসি-র তথ্যচিত্র দেখানো নিয়ে কেন্দ্রীয় নিষেধাজ্ঞার  কড়া সমালোচনা করেছে কংগ্রেস। এর আগে, মোদীকে নিয়ে বিবিসি-এর তথ্যচিত্র নিয়ে বিজেপির ভূমিকাকে সমর্থন করে টুইট করেছিলেন  অনিল অ্যান্টনি।