পুবের কলম ওয়েবডেস্ক: কলেজিয়ামের মাধ্যমে সুপ্রিম কোর্টে যোগ দিলেন হাইকোর্টের পাঁচ বিচারপতি। এদিন তাঁদের শপথ বাক্য পাঠ করান শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্ট কমপ্লেক্সের নবনির্মিত অডিটোরিয়ামে নতুন বিচারপতিদের শপথবাক্য পাঠের অনুষ্ঠানটি হয়।
আরও পড়ুন:
যে পাঁচ জনকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ পাঠ করানো হল তাঁরা হলেন, রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি পঙ্কজ মিথাল ; পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় করোল; মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি পিভি সঞ্জয় কুমার; পাটনা হাইকোর্টের বিচারপতি, জাস্টিস আহসানউদ্দিন আমানুল্লাহ; এবং এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি, জাস্টিস মনোজ মিশ্র। আজ থেকেই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তাঁরা বলেই সংবাদমাধ্যম সূত্রে খবর।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ডিসেম্বরেই এই ৫ বিচারপতির নাম সুপারিশ করেছিল কলেজিয়াম। কিন্তু, কলেজিয়ামের অনুমোদন অনুসারে বিচারপতি নিয়োগের বিষয়টি নিয়ে মতানৈক্য তৈরি হয়েছিল কেন্দ্রের সঙ্গে। ফলে এতদিন এই বিচারপতিদের নিয়োগ আটকে ছিল। যা নিয়ে সম্প্রতি বিচারপতি এসকে কৌল এবং বিচারপতি এএস ওকার বেঞ্চ অসন্তোষ প্রকাশ করেছিলেন। এই বিষয়টিকে ‘সিরিয়াস ইস্যু’ বলবে চিহ্নিত করেন বিচারপতিরা।
আরও পড়ুন:
প্রসঙ্গত, বিচারপতি নিয়োগ নিয়ে কেন্দ্র সরকার ও সুপ্রিম কোর্টের দ্বন্দ্বে ধুনো দিয়েছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখে তিনি দাবি করেন, বিচারপতি নিয়োগের প্রক্রিয়ায় সরকারি প্রতিনিধিদেরও শামিল করতে হবে। বিচারপতি নিয়োগের প্রক্রিয়ায় হস্তক্ষেপের অধিকার দিতে হবে সরকারের প্রতিনিধিদের।
আরও পড়ুন:
কেন্দ্রের এই পদক্ষেপকে বিচারব্যবস্থার জন্য বিষের সমান বলে অভিযোগ করে কংগ্রেস। তৃণমূলও চড়া সুরে কেন্দ্রের পদক্ষেপের বিরোধিতা করে। বিরোধীদের লাগাতার আক্রমণের মাঝে ৫ বিচারপতির নামে সম্মতি দিয়ে বিতর্কে ইতি টানার বার্তাই দিল মোদি সরকার।