সফিকুল ইসলাম (দুলাল), বর্ধমান: আগামী ২৭ জুন সোমবার পূর্ব বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর আগমনের খবরে বর্ধমানজুড়ে সাজো সাজো রব। তুঙ্গে উঠেছে তৃণমূল নেতা-কর্মী-সমর্থকের ব্যস্ততা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২৭ জুন পূর্ব বর্ধমানে দু’টি সভা করবেন মুখ্যমন্ত্রী।
প্রথম সভাটি অনুষ্ঠিত হবে মাটি উৎসবের মাঠে। সেখানে সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কৃষকদের সংবর্ধনা দেবেন। তার পর অন্য একটি জায়গায় তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে সভা করবেন। যদিও দ্বিতীয় সভাটির স্থান এখনও ঠিক হয়নি বলে জানান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।আরও পড়ুন:
এদিকে, মুখ্যমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চের অ্যানেক্স হলে নেতৃত্বদের নিয়ে বৈঠক সারেন মন্ত্রী মলয় ঘটক। সেখানে উপস্থিত ছিলেন--- মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, জেলার যুবনেতা অলোক কুমার মাঝি-সহ অন্যান্যরা। এই বৈঠকের আগে এদিন রাজ্যের প্রধান কৃষি, মৎস, প্রাণী সম্পদ উদ্যানপালন উপদেষ্টা তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার কালনা গেটের কাছে মাটি উৎসব প্রাঙ্গণে সভাস্থল পরিদর্শন করেন। সেখানে উপস্থিত ছিলেন--- সভাধিপতি শম্পা ধারা, এসপি কামনাশিস সেন-সহ প্রশাসনের কর্তা-ব্যক্তিরা।