পারিজাত মোল্লা: শুক্রবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি বিষয়ক মামলা।এদিন এই মামলার শুনানি পর্বে প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় ইডি-সিবিআইয়ের সমন্বয় নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। সিবিআইকে ইডির সঙ্গে কথা বলে চার্জশিট তৈরি করতে বলেছে আদালত। বিচারপতি জানিয়েছেন, 'এই প্রাথমিক মামলার পরিণতিও অতীতের সারদা মামলার মতো হয়ে যাক, তা তিনি চান না। আর তদন্তকারী সংস্থাকেই তা নিশ্চিত করতে হবে'। প্রাথমিক নিয়োগ মামলায় সিবিআইয়ের দেওয়া রিপোর্ট নিয়ে সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট। আরও প্রভাবশালীর নাম থাকা উচিত ছিল বলে জানাল আদালত। প্রাথমিক নিয়োগ মামলায় দ্রুত চার্জ ফেম করে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে। ইডির সঙ্গে সমন্বয় করে সিবিআই আরও তথ্য জানাবে। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন:
আগামী ২১ ডিসেম্বর পুনরায় শুনানির দিন। এদিকে একটি রিপোর্ট মুখ বন্ধ খামে জমা করতে হবে।বিচারপতি এদিন জানতে চান, 'কত চার্জশিট ফাইল হয়েছে?' সিবিআইয়ের আইনজীবী জানান, '১টা চার্জশিট'। তাতে বিচারপতি জানতে চান, 'কাদের নাম আছে? আপনারা কি ইডির সঙ্গে যোগাযোগ করেছিলেন? মনে হয় না। কারণ চার্জশিটে নাম নেই। আপনাদের তদন্তে গাফিলতি আছে। ইডির কাছ থেকে তথ্য নেওয়া উচিত ছিল।
আপনাদের চার্জশিটে আরও প্রভাবশালীর নাম থাকা উচিত ছিল। সারদা মামলায় এখনও নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়নি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কেনো ট্রায়াল শুরু করা যায়নি। প্রচুর অর্থ লেনদেনের উল্লেখ আছে রিপোর্টে'।আরও পড়ুন:
এরপর সিবিআইয়ের আইনজীবী জানান, 'ট্রায়াল নির্ভর করছে নিম্ন আদালতের উপর'। চাকরিপ্রার্থীদের আইনজীবী জানান, 'চার্জ ফ্রেম না হলে ট্রায়াল শুরু করা যাবে না। সিবিআইকে চার্জ ফ্রেম করতে হবে'। এরপর বিচারপতি সিবিআইকে জানান, 'সময় নষ্ট করবেন না। মি: সেনভি তাড়াতাড়ি চার্জ ফ্রেম করুন। তদন্ত রিপোর্টে দেখা যাচ্ছে রাজনৈতক ব্যক্তিত্বরা জড়িত'।
আরও পড়ুন:
প্রাথমিক মামলায় এর আগে একটি চার্জশিট তৈরি করেছিল সিবিআই। তাদের বিশেষ তদন্তকারী দলের (সিট) প্রধান অশ্বিন শেণভি জানান, 'দ্বিতীয় চার্জশিট তৈরি করা হবে শীঘ্রই'। তখনই বিচারপতি ইডির প্রসঙ্গ টেনে আনেন। তিনি জানান, 'ইডির সঙ্গে খুব বেশি যোগাযোগ রাখেনি সিবিআই। তাই চার্জশিটে প্রাথমিক মামলার সব অভিযুক্তের নাম নেই'। অবিলম্বে ইডির সঙ্গে সিবিআইকে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, 'সিবিআই শুক্রবারই ইডির সঙ্গে প্রাথমিক মামলার অভিযুক্তদের বিষয়ে আলোচনা করবে। কী পদক্ষেপ করা হল? তা আগামী শুনানিতে জানাতে হবে আদালতকে'। আগামী ২১ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।