নিজস্ব প্রতিবেদক: রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে বুধবার সকালে রাজভবনে শপথ নেবেন নয়া রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
গত বৃহস্পতিবারই জগদীপ ধনকরের উত্তরসূরি হিসেবে প্রাক্তন আমলা সিভি আনন্দ বোসকে রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
নিয়োগের পরের দিন নতুন সাংবিধানিক প্রধানের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ কিংবা ২৩ নভেম্বর শপথ নেওয়ার জন্য প্রস্তাব দেন। তখনই সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, ‘বুধবার রাজ্যপাল হিসেবে শপত নিতে চান তিনি।’ রাজ্যপাল হিসেবে নিয়োগের পরেই সি ভি আনন্দ বোস জানিয়েছিলেন, ‘সাংবিধানিক প্রধান হিসেবে তিনি প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক রেখেই চলতে চান।’আরও পড়ুন:
রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণের জন্য মঙ্গলবার সকালে কলকাতায় পা রাখেন সি ভি আনন্দ বোস। বিমানবন্দরে তাঁকে রাজ্য সরকারের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, নারী ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বিমানবন্দরেই তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। বিমানবন্দর থেকে গাড়িতে রওনা হয়ে সাড়ে দশটা নাগাদ রাজভবনে পৌঁছন। নতুন রাজ্যপালের শপথগ্রহণকে স্মরণীয় করে রাখতে ইতিমদ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।