পুবের কলম প্রতিবেদক: দুই পুলিশের গতিবিধি দেখে সন্দেহ, আর তারপরই সরকারের কাছে নালিশ। রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝে নতুন সংযোজন রাজভবনের আবাসিক এলাকায় পুলিশি নজরদারির অভিযোগ। প্রাথমিকভাবে রাজভবন সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যপালের অফিস এবং রেসিডেন্সিয়াল অংশের দায়িত্ব কলকাতা পুলিশ যেন সিআরপিএফ-এর হাতে হস্তান্তর করে। বিষয়টি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠিও দিয়েছে রাজভবন।
আরও পড়ুন:
রাজভবন সুত্রে খবর, রাজভবনের ভিতরে অনেকগুলো ভাগ রয়েছে। এক তলায় লাইব্রেরি, দোতলায় অফিস, তিন তলায় রাজ্যপালের রেসিডেন্সিয়াল এলাকা। রাজভবন চত্বর এবং একেবারে নীচের তলা কলকাতা পুলিশের অধীনেই থাকবে। রাজভবনের বক্তব্য, রাজ্যপালের রেসিডেন্সিয়াল আর অফিসিয়াল এলাকার নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হোক।
রাজভবন চত্বর ও অন্যান্য এলাকা কলকাতা পুলিশের নজরেই থাকবে। এতদিন পর্যন্ত রাজভবনের নিরাপত্তা ও নজরদারির দায়িত্বে ছিলেন কলকাতা পুলিশের কর্মী ও সিআরপিএফ। কিন্তু যে দু’জন পুলিশ কর্মীর গতিবিধি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, তাঁদের বিষয়ে লালবাজারে জানানো হয়েছে। কলকাতা পুলিশ কমিশনারের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছে রাজভবনের তরফে। লালবাজারের তরফে এখনও পর্যন্ত এর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।