পুবের কলম প্রতিবেদক: সাইবার প্রতারণার জন্য ফোন করলে এবার অপরাধীদের মোবাইলই বিকল করে দেবে লালবাজার। সিম কার্ড ব্লক করে দেওয়ার উপায় আগেই ছিল। এবার, সাইবার অপরাধীদের মোবাইলের ‘ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি’ বা আইএমইআই নম্বর ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। ফলে, বন্ধ হয়ে যাবে সাইবার অপরাধীদের মোবাইল। এই ব্যাপারে প্রত্যেক মাসে লালবাজারকে রিপোর্ট দেবে সাইবার অপরাধ দমনের জন্য কলকাতা পুলিশের প্রত্যেকটি ডিভিশন বা এলাকার সাইবার সেল। পুলিশ আধিকারিকদের মতে, এভাবে সাইবার অপরাধীদের একের পর এক মোবাইল বিকল করে দিলে মোবাইল ব্যবহার করে অপরাধ করার প্রবণতা কমবে হ্যাকারদের।
আরও পড়ুন:
লালবাজার সূত্রে জানা গিয়েছে, সোমবার প্রত্যেকটি ডিভিশনের সাইবার সেলের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন লালবাজারের সাইবার থানার আধিকারিকরা। ওই বৈঠকেই সাইবার অপরাধীদের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সাইবার সেলগুলিকে নির্দেশ দেন লালবাজারের কর্তারা। লালবাজারের গোয়েন্দা আধিকারিকদের মতে, বড় অংশের সাইবার অপরাধ ঘটানোর ক্ষেত্রে হ্যাকারদের মূল অস্ত্র হল মোবাইল। কখনও কোনও ব্যাঙ্কের কর্তার পরিচয় দিয়ে বা, কখনও অনলাইন বিপনি বা ভুয়ো পরিচয় দিয়েও ফোন করে সাইবার অপরাধীরা। আবার কখনও কোনও সংস্থা বা হোটেলের ভুয়ো ওয়েবসাইট তৈরি করে সেখানে দেওয়া হয় ভুয়ো ফোন নম্বর। যেখানে ফোন করলেই সাইবার জালিয়াতদের জালে পড়ে যান শহরবাসী।
আরও পড়ুন:
সাধারণত, সাইবার অপরাধের কোনও অভিযোগ দায়ের হওয়ার পর প্রথমেই সাইবার অপরাধী যে নম্বর থেকে ফোন করেছে, সেটির সিম কার্ডটি ব্লক করে দেয় লালবাজার। অনেক ক্ষেত্রেই এই সিম কার্ড ব্যবহার করে অভিযোগকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার পরও তাড়াতাড়ি অভিযোগ পাওয়ার ফলে সেই টাকা আটকে দিতে সক্ষম হয় পুলিশ। তা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয় অভিযোগকারীকে। এবার টাকা ফেরত দেওয়া হলেও সাইবার অপরাধ সংক্রান্ত একটি কেন্দ্রীয় পোর্টালে অপরাধীর মোবাইলের আইএমইআই নম্বর ব্লক করার ব্যবস্থা করা হচ্ছে। তারই ভিত্তিতে এবার লালবাজারের সাইবার থানাও সাইবার অপরাধীদের আইএমইআই নম্বর ব্লক করার ব্যবস্থা নিচ্ছে। ১৫ সংখ্যার এই আইএমইআই নম্বর সফ্টওয়্যারের মাধ্যমে পুলিশ ব্লক করে দিতে পারে।
যার ফলে আক্ষরিক অর্থে অকেজো হয়ে যাবে মোবাইল।আরও পড়ুন:
এই প্রসঙ্গে ডিসি (সাইবার) অতুল বিশ্বনাথন জানান, আপাতত ৪০টি মোবাইলের নম্বর ও আইএমইআই নম্বর ব্লক করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোনও শহরবাসীকে ফোন করে জালিয়াতির চেষ্টা করা হলে তিনি লালবাজারের সাইবার সেলকে বিষয়টি অভিযোগের আকারে জানাতে পারেন। তবে, ওই নম্বর বা আইএমইআই ব্লক করার আগে নম্বরের মালিকের ব্যাপারে যাচাই করে নেওয়া হবে। লালবাজারের এক আধিকারিক জানান, প্রত্যেক মাসে কতগুলি সাইবার অপরাধ সংক্রান্ত ফোন আসে, ডিভিশনের সাইবার সেলগুলি থেকে সেই তথ্যের ডেটা নেওয়া হয়। ওই তথ্যের ভিত্তিতে সাইবার সেলগুলোকে নির্দেশ দেওয়া হয়, কোন কোন নম্বর বা আইএমইআই ব্লক করে দেওয়া হবে, সেগুলির সুপারিশ করতে। সেইমতো পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়।