পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের উত্তরসূরি হিসাবে আগামী শুক্র ও শনিবার রাজ্যাভিষেক হবে তৃতীয় চার্লসের। রাজা হওয়ার আট মাস পরে অবশেষে তাঁর রাজ্যাভিষেক হতে চলেছে।
মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, ব্রিটেনের রাজার রাজ্যাভিষেকে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকেও৷ আগামী ৫ ও ৬ তারিখ ব্রিটেন সফরে যাচ্ছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। আগামী ৬ মে ব্রিটেনের রাজা হিসাবে তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট হিসাবে তাঁর স্ত্রী ক্যামিলা শপথ গ্রহণ করবেন।
বিদেশ মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধে মিল রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে ব্রিটেনের রাজকীয় ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে ভারত।
আরও পড়ুন:
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যেও আমন্ত্রিত ছিল ভারত। সেই সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ব্রিটেনে গিয়েছিলেন এবং রানির মৃত্যুতে শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছিলেন।