হজ অপারেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে জানালেন পিবি সালিম
আবদুল ওদুদ: আগামী ২৯ এপ্রিল কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০২৫ হজের প্রথম উড়ান বাংলার হজ যাত্রীদের নিয়ে পবিত্র ভূমি মক্কার উদ্দেশ্যে রওনা হবে বলে জানালেন ডক্টর পি বি সালিম। ২০২৫ হজ অপারেশন নিয়ে মঙ্গলবার উচ্চপর্যায়ের বৈঠক করলেন রাজ্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দফতরের প্রধান সচিব ড. পি বি সালিম এ কথা জানান। মঙ্গলবার মদিনাতুল হুজ্জাজ ও বিমানবন্দরের পুরনো টার্মিনাল-সহ একাধিক জায়গা পরিদর্শন করেন তিনি। উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান জঙ্গিপুরের সাংসদ শিল্পপতি খলিলুর রহমান। উত্তর ২৪ পরগনা জেলা শাসক শরদ দিবেদী, রাজ্য সংখ্যালঘু দফতরের কমিশনার শাকিল আহমেদ, জয়েন্ট সেক্রেটারি ও রাজ্য হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মুহাম্মদ নকি, রাজ্য হজ কমিটির সদস্য কুতুবুদ্দিন তরফদার, শেখ শাজাহান-সহ অন্যান্যরা। ২০২৫ হজ প্রস্তুতি নিয়ে কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত, এই সমস্ত বিষয় নিয়ে ডক্টর সালিম এয়ারপোর্ট অথরিটি, পিডব্লিউডি, সিআইএসএফ, ইমিগ্রেশন, স্বাস্থ্য, পরিবহণ কলকাতা কর্পোরেশন, কলকাতা পুলিশ,বিধাননগর কমিশনারেট, এনকেডিএ হিডকো, বিমান সংস্থা-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।আরও পড়ুন:
এ দিন পি বি সালিম বলেন, গতবছর যে সমস্ত বিষয়গুলি নিয়ে ছোটখাটো সমস্যা দেখা দিয়েছিল সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এ বছরে যাতে সে ধরনের ঘটনার কোনওভাবেই পুনরাবৃত্তি না ঘটে, তার উপর বিশেষভাবে নজর দিতে হবে।
এই প্রথম স্পাইসজেট বিমান সংস্থা চলতি বছরে হজযাত্রীদের পরিবহণের বরাত পেয়েছে। কাজেই স্পাইসজেট কর্তৃপক্ষের সঙ্গেও ড. সালিম আলাদাভাবে কথা বলেন। তিনি জানিয়ে দেন, হজযাত্রীরা বিভিন্ন জেলা থেকে আগাম এসে কলকাতায় অবস্থান করেন। সেক্ষেত্রে কোনওভাবেই বিমানের বিমান চলাচলে যাতে দেরি বিঘ্ন না ঘটে, সে-বিষয়টির উপর জোর দিতে হবে।