পুবের কলম, কলকাতা: লোকসভা নির্বাচনের আগে কিম্বা সাংগঠনিক রদবদলের আবহে রাজ্যের শাসক শিবিরের শক্তি আরও বাড়ল। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৌরভ চন্দ্র আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আজ তৃণমূল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি।

সৌরভ চন্দ্র কলকাতা হাইকোর্টের একজন সুপরিচিত এবং দক্ষ আইনজীবী হিসেবে পরিচিত। তাঁর এই রাজনৈতিক পদক্ষেপে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক ও আইনি মহলে।
তৃণমূল নেতৃত্বের দাবি, সৌরভের মতো মেধাবী ও পেশাদার ব্যক্তিত্ব দলে আসায় আইনি ও সামাজিক লড়াইয়ে দল আরও শক্তিশালী হবে।

এদিন তৃণমূল ভবনে সৌরভ চন্দ্রের হাতে জোড়াফুলের পতাকা তুলে দেন তৃণমূলের নেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সৌরভকে দলে স্বাগত জানিয়ে তিনি বলেন, "সমাজের বিভিন্ন স্তরের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসছেন। সৌরভ চন্দ্রের যোগদান সেই ধারারই অংশ।" এদিকে তৃণমূলে যোগ দেওয়ার পর সৌরভ চন্দ্র জানান, বাংলার মানুষের স্বার্থে এবং উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দল তাঁকে যে দায়িত্ব দেবে, একজন সৈনিক হিসেবে তিনি তা পালন করতে প্রস্তুত।