পুবের কলম ওয়েবডেস্ক: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হওয়ায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ বিজেপির। রাজ্যের নাগরিকদের ভোটাধিকার রক্ষার দাবিতে ধর্মতলা মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চেই শুক্রবার বক্তব্য রাখেন আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখতে গিয়ে এক জায়গায় তিনি অভিযোগ করেন, জ্ঞানেশ কুমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন। তিনি বলেন, আমি তো সেদিন ছিলাম, কী দুর্ব্যবহার মমতাদির সঙ্গে করেছেন, আপনারা কল্পনা করতে পারবেন না।

আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছেন। এই কথার রেশ টেনেই তিনি বলেন, আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম।’ পাশাপাশি তিনি বলেন, ‘আপনি তো এক দেড় বছর এসেছেন  চিফ ইলেকশন কমিশনার হয়ে। আপনি তো এসেছেন অমিত শাহর দয়ায়।
আপনি কো-অপারেটিভ সেক্রেটারি ছিলেন। কমিটিতে আমার সামনে আপনি অ্যাপিয়ার করেছিলেন, আপনার জ্ঞান কত আছে, আমার জানা আছে। আপনি কিচ্ছু জানেন না। আপনি একটা গোয়ার গোবিন্দ লোক!’
এই বক্তব্যের বিরুদ্ধে শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বেশ কয়েকটি ধারা উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে চিঠি লিখেছে বিজেপি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের মুখ্য নির্বাচন কমিশনারের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে।