পুবের কলম, ওয়েবডেস্ক: চ্যালেঞ্জের মুখে পড়ে ভারতে অবস্থিত আফগান দূতাবাস স্থায়ীভাবে বন্ধ করে দিল তালিবান সরকার। এর আগে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল আফগানিস্তান। শুক্রবার আফগান দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, “ভারত সরকারের ক্রমাগত চ্যালেঞ্জের কারণে, নয়াদিল্লিতে আফগান দূতাবাস ২০২৩ সালের ২৩ নভেম্বর থেকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। এর জন্য আমরা দুঃখিত।
”আরও পড়ুন:
এক বিবৃতিতে আফগান দূতাবাসের দাবি, ৩০ সেপ্টেম্বর দূতাবাসের কার্যক্রম বন্ধ করার সময় আফগানিস্তান সরকার আশা করছিল, দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম ফের চালু করার জন্য ভারত সরকার অনুকূল অবস্থান নেবে। কিন্তু, আট সপ্তাহ অপেক্ষা করা সত্ত্বেও, আফগান কূটনীতিকদের ভিসা বাড়ানো হয়নি। ভারত সরকারের আচরণও পরিবর্তন হয়নি। আফগানিস্তানের সর্বোত্তম স্বার্থে ভারতে দূতাবাস বন্ধ করে, দূতাবাসের কর্তৃত্ব তাদের হাতে তুলে দেওয়াই উচিত।