পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশের নির্বাচনে জয়ী বিএনপি প্রধান তারেক রহমান-এর সঙ্গে কথা বলে উচ্ছ্বাস প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে পোস্ট করে তিনি জানান, বিজয়ী নেতাকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে তাঁর উদ্যোগে ভারত পাশে থাকবে।

শুক্রবার মোদি লেখেন, “তারেক রহমানের সঙ্গে কথা বলে আমরা উচ্ছ্বসিত। বাংলাদেশ নির্বাচনে তাঁর অসাধারণ জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি।” পাশাপাশি তিনি জানান, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারেকের প্রচেষ্টায় ভারতের শুভেচ্ছা ও সমর্থন থাকবে।

দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা স্মরণ করিয়ে তিনি শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এর আগে নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই মোদি ইংরেজি ও বাংলায় আলাদা পোস্ট করে তারেক রহমানকে ‘আন্তরিক অভিনন্দন’ জানান। তিনি ভারত-বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করতে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং “গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ”-এর প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে পড়ে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় সেই সম্পর্ক আরও চ্যালেঞ্জের মুখে পড়ে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, বাংলাদেশে স্থায়ী সরকার গঠনের পর দুই দেশের সম্পর্ক নতুন করে গতি পেতে পারে।

অন্যদিকে মোদির শুভেচ্ছাবার্তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের নেতারা জানিয়েছেন, তারেক রহমানের নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও মজবুত হবে। বিএনপি-র স্ট্যান্ডিং কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংবাদমাধ্যমকে বলেন, একটি গণতান্ত্রিক দেশের জনাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানানো হচ্ছে। তাঁর কথায়, নতুন সরকারের আমলে দুই দেশের মানুষের সম্পর্ক আরও দৃঢ় হবে।