পুবের কলম প্রতিবেদক: পেহেলগাঁও সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে চাপা উত্তেজনা বিদ্যমান। যুদ্ধ পরিস্থিতি প্রতিবেশী দুই দেশের মধ্যে। দেশের মধ্যে বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়দের টার্গেট করে খুন, মারধর নিত্য দিনের ঘটনা হয়ে গেছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গা থেকে নিরীহ কাশ্মীরিদের আক্রান্ত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসছে । এই পরিস্থিতিতে শান্তির বাংলায় হিন্দু -মুসলিম দাঙ্গা লাগানোর চাল বানচাল রাজ্য পুলিশের।

ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার ২। 

পুলিশ সূত্রে খবর, পরিকল্পনা ছিল সাম্প্রদায়িকতায় উস্কানি দেওয়া, ও দাঙ্গা বাধানোর। কিন্তু তার আগেই দুষ্কৃতিদের পরিকল্পনা ভেস্তে দিল রাজ্য পুলিশ। ইতিমধ্যে ঘটনায় দু'জনকে গ্রেফতারও করেছে পুলিশ।

বুধবার রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানা এলাকার আকাইপুর রেল স্টেশনের পাশে একটি শৌচাগারের দেওয়ালে পাকিস্তানের জাতীয় পতাকা লাগানো হয়।

একইসঙ্গে ওই দেওয়ালে 'হিন্দুস্তান মুর্দাবাদ-পাকিস্তান জিন্দাবাদ' লেখার পরিকল্পনাও করা হয়েছিল। এই ঘটনা নজরে আসতেই দ্রুত তদন্ত শুরু করে বনগাঁ জেলা পুলিশ। তদন্তে নেমে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল চন্দন মালাকার (৩০) ও প্রজ্ঞাজিৎ মণ্ডল (৪৫)।