ধর্মতলার মেট্রো চ্যানেলে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না তৃতীয় দিনে পড়তেই প্রতিবাদের তীব্রতা আরও বাড়াল তৃণমূল কংগ্রেস। ধর্নামঞ্চ থেকেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে থালা–কড়াই বাজিয়ে বিক্ষোভ দেখালেন দলের মহিলা নেত্রীরা।
কালো শাড়ি পরে ধর্নামঞ্চে উপস্থিত হয়ে প্রতিবাদে সামিল হন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা এবং কৃষ্ণা চক্রবর্তী-সহ একাধিক মহিলা নেতা। থালা–কড়াই বাজিয়ে তারা কেন্দ্রের নীতির বিরুদ্ধে এবং গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানান।

অন্য দিকে একই দিনে রাজ্যে আসছে দেশের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ প্রতিনিধিদল।

বিকেলে কলকাতায় পৌঁছানোর কথা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। ইতিমধ্যেই শহরে এসে গেছেন উপ নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। ১০ মার্চ পর্যন্ত রাজ্যে তাদের একাধিক বৈঠক ও কর্মসূচি রয়েছে। রাজ্যের ভোট প্রস্তুতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন তারা।

শহরে যখন নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের সফর, ঠিক সেই সময়েই ভোটার তালিকা সংক্রান্ত ইস্যুতে ধর্মতলায় টানা ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর দাবি, একজনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া চলবে না। এই দাবিকেই সামনে রেখে তিন দিন ধরে চলছে এই অবস্থান কর্মসূচি।
যদিও কলকাতায় আসার আগের দিনই প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে এবং যোগ্য ভোটারদের অধিকার সুরক্ষিত রাখাই এর মূল লক্ষ্য। তবে বিচারাধীন প্রায় ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে এখনও স্পষ্ট অবস্থান জানায়নি কমিশন। এই অনিশ্চয়তাকেই ইস্যু করে রাজনৈতিক ময়দানে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।