কিবরিয়া আনসারী: পূর্ব বর্ধমানের পর মুর্শিদাবাদেও চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম রুহুল আমিন সেখ (৪৫)। মৃত ব্যক্তি জলঙ্গির উত্তর ফরিদপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার হরিভক্তপুর এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, এদিন গভীর রাতে কয়েকজন ছাগল চুরির উদ্দেশ্যে গ্রামে আসে।
এলাকার নবিরউদ্দিন মন্ডলের বাড়িতে প্রবেশ করে তারা। ওই বাড়ির লোকজন জানতে পেরে চোর চোর করে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে ছুটে আসে আশপাশের মানুষজন। ততক্ষণে পালিয়ে যায় চোরেরা। স্থানীয় বাসিন্দা ইসরাইল খা'র বক্তব্য, গ্রামের লোকজন টর্চ লাইট নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। গ্রামের একটি বাড়ির পিছন একজনকে পাকড়াও করা হয়। অপর দু'জন পালিয়ে যায়। এরপরই ক্ষিপ্ত গ্রামবাসী অভিযুক্তকে গাছে বেধে মারধর শুরু করেন।আরও পড়ুন:
ঘটনার খবর পেয়ে গতকাল রাতেই ওই ব্যক্তিকে উদ্ধার করে জলঙ্গি থানার পুলিশ। ধৃতকে প্রথমে সাদিখাঁড়দেয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সেখানে থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। রবিবার সকালে ধৃত রুহুল আমিনের মৃত হয়।
মহকুমার এক পুলিশ কর্তা জানিয়েছেন, 'মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও কোনও লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'আরও পড়ুন:
গ্রামবাসীর দাবি, গত দু'মাস থেকে চুরির ঘটনায় ঘুম উড়েছে গ্রামবাসীর। বেশ কিছুদিন থেকে ঘনঘন এলাকা থেকে জিনিসপত্র চুরি হচ্ছে। কয়েকটি বাড়ি থেকে সাইকেল ও গবাদিপশু চুরি হয়েছে। এর আগে চুরির ঘটনায় পুলিশকে লিখিতভাবে জানানো হয়। তারপরও পুলিশের কোনও তৎপরতা নেই।