পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালায় শুক্রবার একই দিনে সরস্বতী পুজো ও জুমার নামাজ আদায়ের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দেয়, বসন্ত পঞ্চমী উপলক্ষে হিন্দুরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সরস্বতী পুজো করতে পারবেন। একই সঙ্গে মুসলিমরা নির্ধারিত জায়গায় দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত নামাজ পড়তে পারবেন। নামাজে অংশ নেওয়া ব্যক্তিদের তালিকা জেলা প্রশাসনের কাছে জমা দিতে হবে।

আদালত দুই সম্প্রদায়কেই পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রশাসনের উপর ন্যস্ত করেছে। ভোজশালা ঘিরে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে—হিন্দুদের মতে এটি সরস্বতী মন্দির, মুসলিমদের দাবি এটি কমল মওলা মসজিদ। ২০০৩ সালে এএসআই উভয় পক্ষের প্রার্থনার অনুমতি দিলেও, বসন্ত পঞ্চমী শুক্রবার পড়ায় নতুন করে আইনি জটিলতা তৈরি হয়।

অতীতের অশান্তির অভিজ্ঞতা মাথায় রেখে প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রায় ৮ হাজার পুলিশ, সিআরপিএফ ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে, চলছে টহল ও সোশ্যাল মিডিয়া নজরদারি।