আজ, শনিবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর–এর ভোটার তালিকার প্রথম পর্ব প্রকাশ করতে চলেছে। খসড়া তালিকার মতো এই তালিকাও অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই দেখা যাবে।

তালিকা প্রকাশের পর ভোটাররা নিচের ওয়েবসাইট ও মাধ্যমে নিজেদের নাম খুঁজে দেখতে পারবেন— নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট: Election Commission of India রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট: Chief Electoral Officer West Bengal ইসি নেট অ্যাপ voters.eci.gov.in electoralsearch.eci.gov.in

এ ছাড়া বিভিন্ন জেলার জেলা নির্বাচনি আধিকারিকদের ওয়েবসাইটেও নাম ও এপিক নম্বর দিয়ে একইভাবে তালিকা দেখা যাবে। নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর (ভোটার কার্ড নম্বর) দিলেই জানা যাবে তালিকায় নামের বর্তমান অবস্থা। এপিক নম্বর না থাকলে নিবন্ধিত মোবাইল নম্বর দিয়েও খোঁজা যাবে।

তবে সে ক্ষেত্রে মোবাইল নম্বরটি আগে থেকে নথিভুক্ত থাকতে হবে। voters.eci.gov.in থেকে সম্পূর্ণ ভোটার তালিকাও ডাউনলোড করা যাবে। সেখানে নিজের ভোটকেন্দ্র অনুযায়ী নাম খুঁজে দেখা সম্ভব।

নামের পাশে কী লেখা থাকতে পারে

নাম যাচাই হয়ে গেলে তালিকাভুক্ত থাকবে, আলাদা কোনও মন্তব্য থাকবে না। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে নামের পাশে ‘বিচারাধীন’ লেখা থাকবে।

নাম বাদ গেলে ‘মুছে দেওয়া হয়েছে’ উল্লেখ থাকবে।

অফলাইনে কীভাবে দেখবেন অফলাইনে তালিকা দেখতে চাইলে বুথ স্তরের আধিকারিকের (বিএলও) কাছে যেতে হবে। রাজ্যের সব বিএলও-র কাছে ভোটার তালিকার মুদ্রিত কপি থাকবে। ভোটাররা নিজের এলাকার বিএলও-র কাছে গিয়ে নাম দেখে নিতে পারবেন।

এছাড়া রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে তালিকার ডিজিটাল কপি এবং বুথ স্তরের প্রতিনিধিদের হাতে মুদ্রিত কপি তুলে দেবে মুখ্য নির্বাচনি আধিকারিকের দপ্তর।

পরবর্তীতে ভোটকেন্দ্র, বিডিও অফিস, পঞ্চায়েত অফিস এবং শহরাঞ্চলে পুরসভা ও ওয়ার্ড অফিসেও তালিকা টাঙানো থাকবে, যাতে সাধারণ ভোটাররা সহজেই তা যাচাই করতে পারেন।