পুবের কলম প্রতিবেদক: কলকাতার মোমিনপুরে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির খবরে উত্তপ্ত হল শহর কলকাতা। এ নিয়ে বিরোধী দল বিজেপির তরফে উসকানি দেওয়ারও অভিযোগ করেছে তৃণমূল। এ দিকে পুলিশকে সক্রিয় হওয়ার আবেদন করেছে সিপিএম। এমন পরিস্থিতিতে কড়া হাতে আইন-শৃঙ্খলা মোকাবিলা করতে তৎপর হচ্ছে পুলিশ। যে কোনও মূল্যে পরিস্থতি শান্ত রাখতে পদক্ষেপ করল কলকাতা পুলিশ।
সোমবার কলকাতা পুলিশ সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। একইসঙ্গে অশান্তি রুখতে এলাকায় পুলিশি টহলদারিও শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ১০ থেকে ১২ অক্টোবর পর্যন্ত একবালপুর থানা এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।আরও পড়ুন:
জানা গিয়েছে, ধর্মীয় একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়। একটি ধর্মীয় অনুষ্ঠানের পোস্টার ছিঁড়ে ফেলে কয়েকজন দুষ্কৃতী।
তা নিয়েই বচসা হয়। পুলিশ পরিস্থিতি সামলাতে ব্যবস্থা নিলেও কিছু মানুষ অশান্তির চেষ্টা করে। এ নিয়ে রবিবার মোমিনপুরের স্থানীয় দুই গোষ্ঠী অশান্তিতে জড়িয়ে পড়ে। প্রথমে বচসা। পরে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অশান্তির পরিবেশ তৈরি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় ছোটখাটো ভাঙচুরের ঘটনাও ঘটে। কাচের বোতল ছোঁড়াছুঁড়িও হয় বলে খবর। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশবাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়েছে। সোমবার কলকাতা পুলিশ একবালপুর থানা এলাকায় ১৪৪ ধারা জারি করে।