পুবের কলম প্রতিবদেক: বিশ্বকাপের পর থেকেই চোট আঘাত জনিত সমস্যা নিয়ে ভুগছিলেন ভারতীয় তারকা পেসার মুহাম্মদ শামি। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি হলেও তার পর থেকে একটিও কোনও সিরিজ খেলতে পারেননি তিনি। গতকালই মুম্বাইতে গিয়েছিলেন গোড়ালির চিকিৎসা করতে। এতদিন পর তার গোড়ালির অস্ত্রোপচার হয়েছে। হাসপাতালের বেডে শুয়ে নিজের ছবি পোস্ট করে সফল অস্ত্রোপচারের কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা মুহাম্মদ শামি।

তিনি লিখেছেন, "তার পায়ের সফল অস্ত্রোপচার হয়েছে। সুস্থ হতে কিছুটা সময় লাগবে। দ্রুত মাঠে ফেরার অপেক্ষায় রয়েছি।"

এদিকে ক্রিকেট তারকার পোস্টটিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী মোদি দ্রুত তাঁর আরোগ্য কামনা করেছেন। তিনি লিখেছেন, "আপনার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি।

আমার দৃঢ় বিশ্বাস, আপনার যে সাহস তা দিয়ে দ্রুত আঘাত কাটিয়ে উঠবেন।"

 

অন্যদিকে, কবে নাগাদ মাঠে ফিরবেন মুহাম্মদ শামি সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। সামনে আইপিএল। সেখানে তিনি খেলবেন কিনা তাও নিশ্চিত নয়। অস্ত্রোপচারের পর এখন বেশ কিছুদিন তাকে রিহ্যাবে থাকতে হবে। ঠিক কতদিন শামি রিহাবে থাকবেন, তা নিশ্চিতভাবে না জানা যাওয়া পর্যন্ত পুরো সুস্থ হয়ে মুহাম্মদ শামির আন্তর্জাতিক মঞ্চে ফেরা অনেকটাই অনিশ্চিত।