পুবের কলম ওয়েব ডেস্কঃ ব্রিটেনের রাজা তৃতীয় চার্লেসের অভিষেককে কেন্দ্র করে ১৭ শতকের ঐতিহাসিক  সেন্ট এডওয়ার্ড রাজ মুকুটের কিছুটা পরিবর্তন করা হবে। শনিবার ব্যাকিংহাম প্যালেস জানিয়েছে, মুকুটটি ইতিমধ্যে টাওয়ার অফ লন্ডন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এক বিবৃতিতে প্যালেস জানায়, ‘আগামী বছরের ৬ মে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের আগে খাঁটি সোনা, রুবির আবরণযুক্ত, মণি, নীলকান্তমণি, পোখরাজ, টুম্যালিন খচিত মুকুটটিতে কিছুটা পরিবর্তনের কাজ করা হবে।’ রাজা তৃতীয় চার্লস যে মুকুটটি পরবেন তার ওপরের অংশটি বেগুনি রংয়ের। উচ্চতা ৩০ সেন্টিমিটার।
এটি বেশ ভারী। মুকুটটি শেষবার রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৫৩ সালে তার অভিষেকের সময় পরেছিলেন। আগামী ৬ মে রাজা তৃতীয় চার্লস (৭৪) তাঁর স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলার সঙ্গে মুকুট পরবেন। অনুষ্ঠানেরে পর ৮ মে জাতীয় ছুটি থাকবে দেশটিতে। গত ৮ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। এরপরই তার ছেলে প্রিন্স চার্লস সিংহাসনে বসেন।