পুবের কলম প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর জন্মদিন হোক কিংবা বিজেপির যেকোনও অনুষ্ঠানে নেতা মন্ত্রীদের ছবিতে মিষ্টি মুখ করতে দেখা যায় তাঁকে। তিনি বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়। বর্তমানে করোনা আক্রান্ত। এই অবস্থায় ফল, ফুল সহকারে দ্রুত সুস্থ হয়ে ওঠার শুভেচ্ছাবার্তা জানিয়ে ঝুড়ি এল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তরফ থেকে। মুখ্যমন্ত্রীর এমন আকস্মিক শুভেচ্ছাবার্তা পেয়ে যারপরনাই খুশি বিজেপি নেতা।

রাজ্যের যাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন তাঁদের বাড়িতে ফলের ঝুঁড়ি সহ পৌঁছে যাচ্ছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা। খোদ স্থানীয় কাউন্সিলর আক্রান্তের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসছেন ওই ডালা। বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তাঁর আক্রান্তের খবর পেয়েই মুখ্যমন্ত্রীর পাঠানো ডালা নিয়ে নারায়ণ চট্টোপাধ্যায়ের বাড়ি হাজির হন ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিজয় উপাধ্যায়। মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই উপহার পেয়ে খুশি ধরে রাখতে পারেননি বিজেপি নেতা।
ফেসবুকে একটি পোস্ট করে নারায়ণ চট্টোপাধ্যায় লেখেন, ''আমাকে এবং আমার পরিবারকে এই উপহার পাঠানোর জন্য দিদি ও দাদা, দু'জনকেই অসংখ্য ধন্যবাদ।'' নিজের এলাকার তৃণমূল কাউন্সিলর বিজয় উপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এ বিষয়ে নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি জানান, ''মুখ্যমন্ত্রীর উপহার পেয়ে আমি অবাক হয়েছি। সঙ্গে খুশিও হয়েছি। দলে সবাই ভুলে গেলেও বিপদের দিনে তিনি যে আমাকে মনে রেখেছেন এটাই অনেক।''