পুবের কলম ওয়েবডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি আবাসিক স্কুলের ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ হয়েছে। সোমবার বিকেলে নামাজের সময় ভবনের একাংশ ধসে পড়ে, তখন সেখানে কয়েক শ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। জাতীয় তল্লাশি ও উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৪১ জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১০৪ জন জীবিত। এখনও ২৬ জন কিশোর শিক্ষার্থী নিখোঁজ। উদ্ধার অভিযান ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, নিম্নমানের নির্মাণকাজই ভবন ধসের সম্ভাব্য কারণ হিসেবে প্রাথমিকভাবে ধরা হচ্ছে।আরও পড়ুন:
এক বিবৃতিতে দেশটির জাতীয় তল্লাশি ও উদ্ধার সংস্থার অপারেশন ডিরেক্টর ইয়ুধি ব্রামান্ত্যো বলেন, ‘রবিবার সকাল পর্যন্ত ১৪১ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ১০৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, ৩৭ জন নিহত হয়েছেন।’ কী কারণে ভবনটি ধসে পড়েছে, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, প্রাথমিকভাবে পাওয়া সূত্রে তাঁদের মনে হচ্ছে, নিম্নমানের নির্মাণকাজই ভবনটি ধসে পড়ার কারণ।