পুবের কলম, ওয়েবডেস্ক: এক ভারতীয় ছাত্রকে হাতকড়া পরিয়ে দেশে ফেরত পাঠাল মার্কিন প্রশাসন। ভারতীয় ছাত্রের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ। ওই ছাত্রকে মাটিতে ফেলে চেপে ধরে তাকে গ্রেফতার করা হয়। তারপর তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী।

তিনি এক্স পোস্টে লিখেছেন, "আমি গত রাতে একজন তরুণ ভারতীয় ছাত্রকে নিউয়ার্ক বিমানবন্দর থেকে নির্বাসিত হতে দেখেছি।

তাকে হাতকড়া পরানো হয়েছে। ওই ছাত্র কান্না করছিল। তার সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হয়েছে। সে স্বপ্নের পেছনে ছুটতে এসেছিল, ক্ষতি করেনি। একজন এনআরআই হিসাবে, আমি অসহায় এবং হৃদয়বিদারক বোধ করেছি।
এটি একটি মানবিক ট্র্যাজেডি।"

কুণাল জৈন নামের ওই সামাজিক মাধ্যম ব্যবহারকারী বলেন, ছাত্রটি হরিয়ানভিতে কথা বলছিল। জোর দিয়ে বলছিল যে সে পাগল নয়, তবে কর্তৃপক্ষ তাকে পাগল হিসেবে দেখানোর চেষ্টা করে। জৈনের কথায়, "এই ছাত্ররা তাদের ভিসা পায় এবং সকালে একটি ফ্লাইটে ওঠে। কোনো কারণে তারা ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে না পেরে অপরাধীর মতো বেঁধে সন্ধ্যার ফ্লাইটে ফেরত পাঠানো হয়।

প্রতিদিনই ৩-৪টি করে এমন ঘটনা ঘটছে। গত কয়েকদিনে এ ধরনের ঘটনা আরও বেড়েছে।"

জৈন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে বিষয়টি গুরুত্ব সরকারে দেখার আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কের ভারতীয় কনস্যুলেট সোশ্যাল মিডিয়া পোস্টের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, "আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখতে পেয়েছি যেখানে দাবি করা হয়েছে যে একজন ভারতীয় নাগরিক নেওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অসুবিধার মুখোমুখি হচ্ছেন। এ ব্যাপারে আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।"