পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন বার্তা দিল ইরান। ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, প্রণালিটি সম্পূর্ণ বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোনো জাহাজ এই পথ দিয়ে চলাচল করলে তা নিশানা করা হবে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। প্রায় ৩৯ কিলোমিটার দীর্ঘ এই প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে সংযোগ তৈরি করেছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক–ষষ্ঠাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক–তৃতীয়াংশ এই পথ দিয়েই পরিবহন করা হয়।
যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে এই গুরুত্বপূর্ণ নৌপথ কার্যত অচল হয়ে পড়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ ঝুঁকির মুখে পড়েছে।আরও পড়ুন:
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলির হিসাব অনুযায়ী, গত জানুয়ারি মাস থেকে প্রতিদিন গড়ে প্রায় ২৪টি জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করত। কিন্তু সংঘাত শুরু হওয়ার পর সেই সংখ্যা হঠাৎ করেই কমে গেছে। ১ মার্চ তা নেমে এসেছে মাত্র চারটিতে। এছাড়া বর্তমানে প্রায় ৩০০টি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালির আশপাশে আটকে রয়েছে বলে জানা গেছে। ফলে বিশ্ববাণিজ্য ও জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে।