পুবের কলম ওয়েব ডেস্ক: ৩৫ জন যাত্রীকে রেখে নির্দিষ্ট সময়ের আগে বিমানবন্দর থেকে উড়ে গেল একটি বিমান। এই ঘটনায় রীতিমতো  হইচই পড়ে গেছে বিমানবন্দর জুড়ে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়ে বিমান সংস্থা এবং বিমানবন্দর কর্তৃপক্ষের জবাব তলব করেছে ডিজিসিএ। ঘটনাটি ঘটেছে অমৃতসর বিমানবন্দরে।

সূত্রের খবর,বিমান ছাড়ার কথা ছিল  রাত ৭ টা ৫৫ মিনিটে। কিন্তু দুপুর ৩ টে বাজতে না বাজতে সেটি মাঝ আকাশে উড়ে গেছে। নির্দিষ্ট সময়ের আগে বিমান উড়ে গেছে শুনতে পেয়ে মাথায় হাত পড়ে যায় যাত্রীদের। রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে তারা।
যদিও এই প্রসঙ্গে স্কুট এয়ারলাইনস বিমান সংস্থা বিবৃতি জারি করে বলেছে, যে যাত্রীদের মেল পাঠিয়ে সময় পরিবর্তন সম্পর্কে অবহিত করা হয়েছিল।

এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অমৃতসর বিমানবন্দরের ডিরেক্টর জানিয়েছেন,  ‘‘২৮০ জন মতো যাত্রীর সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানটি ২৫৩ জন যাত্রীকে নিয়ে উড়ে যায়। ৩০ জন মতো যাত্রী বিমানে উঠতে পারেননি।
’’এ দিকে, বিমানে উঠবেন বলে নির্ধারিত সময়ে বিমানবন্দরে এসে পৌঁছে ওই জনা তিরিশ যাত্রী শোনেন, বহু ক্ষণ আগে ছেড়ে গিয়েছে বিমান! তার পর বিমানবন্দরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই যাত্রীরা। লিখিত অভিযোগও দায়ের হয়।

প্রসঙ্গত, এর আগে ১০ ​​জানুয়ারিতে গো ফার্স্ট  এয়ারলাইন্সের বেঙ্গালুরু থেকে দিল্লিগামী একটি বিমান ৫০জন যাত্রীকে না নিয়েই  উড়ে যায়। পরে ঘটনার জন্য সংস্থার তরফে ক্ষমাও চাওয়া হয়। বেশ কিছুদিন ধরে দেশে এয়ারলাইন্সের অনেক অবহেলার ঘটনা সামনে এসেছে, এ নিয়ে অনেক বিমান সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে বিমান মন্ত্রক।