পুবের কলম, ওয়েবডেস্ক: নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া ও কোচবিহারের অন্তর্ভুক্তি চুক্তি নিয়ে এবার খোদ নিজের দলের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই সুর চড়ালেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা নগেন রায় ওরফে অনন্ত রায়। তাঁর সাফ দাবি, কোচবিহার কোনো দান বা দখলের ফল নয়, বরং একটি সুনির্দিষ্ট চুক্তির মাধ্যমে ভারতভুক্ত হয়েছিল। আর সেই ঐতিহাসিক চুক্তি কার্যকর না হলে কোচবিহারকে আলাদা করে দেওয়ার দাবি জানিয়ে কার্যত কেন্দ্রকে চরম হুঁশিয়ারি দিলেন তিনি।
শনিবার কোচবিহারের বানেশ্বরে বীর চিলারায়ের জন্মজয়ন্তী পালন উৎসবে যোগ দিয়েছিলেন অনন্ত রায়। সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের নাগরিকত্ব যাচাই (এসআইআর) প্রক্রিয়া নিয়ে কোচবিহার জুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা নিয়ে কড়া ভাষায় সরব হন এই বিজেপি সাংসদ। তাঁর অভিযোগ, নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে দ্বৈত নীতি গ্রহণ করা হচ্ছে। অনন্ত রায়ের বক্তব্য, “আদিবাসী জনগোষ্ঠীর ক্ষেত্রে যদি নাগরিকত্বের নথি দেখানোর প্রয়োজন না থাকে, তবে কোচবিহারের ভূমিপুত্রদের কাছে কেন বারবার কাগজ চাওয়া হচ্ছে? এই বৈষম্য সাংবিধানিক সমতার পরিপন্থী।” কমিশনের তোপ দেগে তিনি আরও বলেন, “এই ধরনের ভিত্তিহীন যাচাই প্রক্রিয়ার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে। এর জন্য নির্বাচন কমিশনকে জেলে ঢোকানো উচিত।”




























