পুবের কলম ওয়েবডেস্ক : প্রায় ১৯০ টি থিম-নির্ভর ‘ভারত গৌরব’ ট্রেন চালু করা হবে।মঙ্গলবার এমনটাই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যা পর্যটন ক্ষেত্রের জন্য বিশেষ ট্রেন হতে চলেছে। তিনি জানান, বেসরকারি সংস্থার পাশাপাশি আইআরসিটিসি সেই ট্রেন চালাতে পারে।
আরও পড়ুন:
মঙ্গলবার রেলমন্ত্রী বলেন, ‘এই ট্রেনগুলি রোজকার ট্রেন হবে না। তবে তা টাইমটেবিল মেনে দৌড়াবে।
এরকম থিম-নির্ভর ট্রেনের জন্য ৩,০৩৩ টি কোচ (১৯০ টি ট্রেন) বেছে নিয়েছি আমরা। যাত্রাবাহী এবং পণ্যবাহী ট্রেনের পর আমরা ভারত গৌরব ট্রেন চালাতে শুরু করব। সেই ট্রেনগুলি ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরবে। সেজন্য ইতিমধ্যে আমরা আবেদন চেয়েছি।’আরও পড়ুন:
আইআরসিটিসি ইতিমধ্যেই দুটি রুটে অত্যাধুনিক তেজস এক্সপ্রেস ও কয়েকটি রুটে পর্যটক স্পেশাল ট্রেন চালাচ্ছে, যেমন রামায়ণ এক্সপ্রেস। এবার রেলমন্ত্রক চাইছে ভারতের পর্যটন শিল্পের বিকাশে আরও কয়েকটি বিশেষ ট্রেন চালাতে।
এতে একদিকে যেমন পর্যটন শিল্পের প্রসার হবে, অন্যদিকে রেলের লক্ষ্মীলাভ হবে। ভারত গৌরব ট্রেনগুলি চলবে বিভিন্ন পর্যটন ক্ষেত্র চিহ্নিত করে। যেমন তীর্থস্থান, জঙ্গল সাফারি, ঐতিহাসিক স্থান বা জনপ্রিয় পর্যটন সার্কিটে।আরও পড়ুন:
রেলমন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন ট্যুর অপারেটররা ট্রেনগুলির ভাড়া নির্ধারণ করবে। তবে অস্বাভাবিক ভাড়া যাতে না নেওয়া হয়, তা নিশ্চিত করবে ভারতীয় রেল। সেইসঙ্গে রেলমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যে ওড়িশা, রাজস্থান, কর্নাটক এবং তামিলনাড়ু এমন ট্রেনের প্রতি আগ্রহ দেখিয়েছে।
আরও পড়ুন:
আপাতত ৩০৩৩টি কোচ চিহ্নিত করা হয়েছে। প্রয়োজনে আরও কোচ দেবে রেল। বেসরকারি সংস্থা রুট ও পরিকল্পনা তৈরি করে জমা দিলে সেইমতো ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাড়াও ঠিক করবে ওই সংস্থা। আগ্রহী সংস্থা ট্রেনের কোচগুলি প্রয়োজন মতো পরিবর্তন করে নিতে পারবে। রেল কর্তৃপক্ষ শুধু ট্রেনগুলি চালানোর বন্দোবস্ত করবে আর পার্কিংয়ের সুবিধা দেবে। পাশাপাশি কোচগুলি মেরামত বা দেখাশোনা করবে রেল।