পুবের কলম, ওয়েবডেস্ক: জেলবন্দি লোকসভার সাংসদ ইঞ্জিনিয়ার রশিদকে আসন্ন সংসদীয় বাজেট অধিবেশনে যোগ দেওয়ার জন্য ‘কাস্টডি প্যারোল’ মঞ্জুর করেছে দিল্লির একটি আদালত। শনিবার এই নির্দেশ প্রদান করা হয়। উল্লেখ্য, ২০১৭ সালের সন্ত্রাসবাদী অর্থায়ন মামলায় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (UAPA) অধীনে ২০১৯ সালে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) তাঁকে গ্রেপ্তার করে। তখন থেকেই তিনি দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন তিনি।

অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত শর্মা এই আদেশ জারি করে জানান, আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সংসদীয় অধিবেশনে রশিদ অংশ নিতে পারবেন। তবে ভ্রমণ খরচ এবং অন্যান্য শর্তাবলি পূর্বের নিয়ম অনুযায়ী বহাল থাকবে। কাস্টডি প্যারোল অনুযায়ী, সশস্ত্র পুলিশি পাহারায় একজন বন্দিকে তার গন্তব্যস্থলে নিয়ে যাওয়া হয়। রশিদের আইনজীবী বিখ্যাত ওবেরয় আদালতকে জানান যে, ভ্রমণ খরচ সংক্রান্ত একটি আপিল বর্তমানে দিল্লি হাইকোর্টে বিবেচনাধীন রয়েছে।

প্রসঙ্গত, এর আগেও আদালত রশিদকে সংসদে যোগদানের অনুমতি দিয়েছিল। ২০২৪ সালের শীতকালীন অধিবেশনে পুরো সময়ের জন্য কাস্টডি প্যারোল দেওয়া হয়েছিল তাঁকে। ২০২৫ সালের বাদল অধিবেশনে ২৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত যোগদানের অনুমতি পেয়েছিলেন উপত্যকার সাংসদ। জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে ২০২৪ সালে প্রচারের জন্য তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল।