পুবের কলম ওয়েবডেস্ক: আগামী ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের বর্ষপূর্তিতে ইউক্রেনে নতুন করে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এমনই জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ। আশঙ্কার সুরে বলেছেন, ‘নতুন আক্রমণের জন্য মস্কো প্রায় ৫ লক্ষ সেনা জড়ো করেছে। যুদ্ধ শুরুর প্রথম বর্ষপূর্তিতে তারা কিছু একটা করার চেষ্টা করতে পারে।’ কিয়েভের আশঙ্কা, ২৩ ফেব্রুয়ারিও হামলা শুরু হতে পারে।
আরও পড়ুন:
প্রাক্তন সোভিয়েত দেশগুলোর সেনা এই দিনটিকে ‘পিতৃভূমি রক্ষার দিবস’ হিসেবে পালন করে। তাই এই দিনটিতেও ইউক্রেনে ব্যাপক হামলার শঙ্কা রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার ‘আঞ্চলিক অখণ্ডতা’ নিশ্চিত করতে তিন লক্ষের মতো নতুন সৈন্য সমাবেশের ঘোষণা করেছিলেন। তবে প্রকৃত সৈন্য সমাবেশ তার চেয়েও বেশি বলে দাবি করেন ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী রেজনিকভ।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে তারা ৩ লক্ষের কথা বলেছিল, কিন্তু আমরা যখন সীমান্তে দেখি, আমাদের মূল্যায়ন বলছে এই সংখ্যা অনেক বেশি।
’ তবে ইউক্রেন রাশিয়ার হামলা প্রতিহত করার প্রস্তুতি নেবে বলে জানিয়েছেন রেজনিকভ। তিনি বলেন, তাঁর বিশ্বাস, ২০২৩ সাল হবে ইউক্রেনের জন্য সামরিক বিজয়ের বছর। আরও জানান, বিগত মাসগুলোতে ইউক্রেন বাহিনী যা অর্জন করেছে তা হারানো যাবে না। সম্প্রতি ইউক্রেনের গোয়েন্দারা জানিয়েছিলেন, বসন্ত শেষ হওয়ার আগেই দেশটির দোনবাস অঞ্চল দখল করতে রুশ সেনাদের নির্দেশ দিয়েছেন পুতিন। এরপরই রেজনিকভ রাশিয়ার সম্ভাব্য হামলা নিয়ে আশঙ্কার কথা বললেন। এদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেন, রাশিয়া তৎপরতার সঙ্গে নতুন অস্ত্র ও বেশি বেশি গোলাবারুদ জোগাড় করছে। অস্ত্রের উৎপাদনও বাড়াচ্ছে।