পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সীমান্ত সংঘাতের মধ্যেই তালিবান সরকারকে হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'আমরা হামলা চালাব, আমরা অবশ্যই হামলা করব।’ প্রসঙ্গত, পাক-আফগান সীমান্ত সংঘাত নিরসনে তুরস্কের ইস্তাম্বুলে তিনদিনের শান্তি আলোচনার পরও কোনও সমাধানের সূত্র বের হয়নি। ফলে প্রতিবেশী দু'দেশের মধ্যে শান্তি কার্যত অনিশ্চত হয়ে গেছে।

বুধবার পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, তুরস্কে দুই দেশের মধ্যে সর্বশেষ আলোচনায় কোনো কার্যকর সমাধান বের হয়নি। এই পরিস্থিতিতে নতুন করে পাক প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি ফের সংঘাতের বির্তক উস্কে দিলেন।

এদিন আফগানিস্তান থেকে সীমান্ত আক্রমণের ক্ষেত্রে পাকিস্তানের জন্য বিকল্পগুলো কী, পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা হামলা চালাব, আমরা অবশ্যই হামলা করব। যদি তাদের ভূখণ্ড ব্যবহার করা হয় এবং তারা আমাদের সীমান্ত লঙ্ঘন করে, তাহলে প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের যদি আফগানিস্তানের গভীরেও যেতে হয়, আমরা তাই করব।

রয়টার্সের কাছে পাকিস্তান সূত্র জানিয়েছে, আফগান ভূখণ্ডে অবস্থান করে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে পাকিস্তানি তালেবান (টিটিপি), তাই আফগান সরকারকে টিটিপির নিয়ন্ত্রণে নিতে হবে। তবে আফগান সূত্র দাবি করেছে, টিটিপির ওপর তাদের কোনো প্রত্যক্ষ নিয়ন্ত্রণ নেই। এই মতবিরোধ ঘিরেই আলোচনায় উত্তেজনা সৃষ্টি হয় এবং কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই আলোচনা ভেঙে যায়।

শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পরই হুঁশিয়ারি দিয়ে খাজা আসিফের বক্তব্য, ‘কাবুল কোনওভাবেই কোনও সুরাহার জন্য আন্তরিক ছিল না। ভারতের নির্দেশে এবং তার প্রতিনিধি হয়ে ফিতনা আল-হিন্দুস্তান আফগানিস্তানের মাধ্যমে পাকিস্তানের ওপর তার অবস্থানকে আরও শক্তিশালী করতে চায়। কাবুলের পুরো নেতৃত্ব ভারতের হাতে খেলছে।’