পুবের কলম প্রতিবেদক:  বকেয়া মহার্ঘ ভাতা অথবা ডিএ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে ফের দ্বারস্থ হল রাজ্য সরকার।

উল্লেখ্য,  গত মে মাসে তিন মাসের মধ্যে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ডিএ মেটানোর আর্জি জানিয়ে শুক্রবার এই মামলা পুনর্বিবেচনার জন্য হলফনামা (রিভিউ পিটিশন) দাখিল করেছে রাজ্য। আগামী সপ্তাহে মামলাটি এই ডিভিশন বেঞ্চেই উঠতে পারে।

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (ডিএ) দিতে হবে, এই দাবিতে দীর্ঘ দিন আইনি লড়াই লড়ছেন রাজ্যের সরকারি কর্মীরা।

গত ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্যকে।

পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট)-এ ২০১৬ সালে মামলা করে কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান।

এদিকে, কেন্দ্র সরকার বিভিন্ন খাতে বরাদ্দ করছে না বলে একাধিকবার অভিযোগ তুলেছে রাজ্য সরকার। তবে রাজ্য সরকার ডিএ দেওয়ার পক্ষেও একাধিকবার সওয়াল করেছে।

সরকারি কর্মচারীদের আশা, রাজ্য সরকার ইতিবাচক ভূমিকা নিচ্ছে। আদালতের জটিলতা কাটলেই সরকারি কর্মচারিরা ডিএ পাবেন বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।

সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য।  ৩৪ শতাংশ হারে যদি বকেয়া ডিএ মেটাতে হয়, তাহলে খরচ হবে ২৩ হাজার কোটি টাকা। এই বিপুল অর্থের জোগান এই মুহূর্তে নেই বলে খবর নবান্ন সূত্রে।