পুবের কলম ওয়েব ডেস্ক : ৩৫ দিন ধরে কুস্তি করার পর জিতে গেল ‘বিবেক’। ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতার না করা যে অন্যায়, সেকথা হয়তো বিজেপি সাংসদ থেকে নেতা-মন্ত্রীরা সবাই জানেন। কিন্তু গত ৩৫ দিন ধরে দলের বিরুদ্ধে গিয়ে বিড়ালের গলায় ঘন্টা বাঁধার সাহস কেউ করেননি। শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভাঙতেই বিবেকের ডাকে সাড়া দিলেন বিজেপি সাংসদ প্রীতম মুণ্ডে ও বিজেন্দ্র সিংহ।
আরও পড়ুন:
মহারাষ্ট্রের মহিলা সাংসদ ও চিকিৎসক প্রীতম বলেন- ‘সাংসদ নয়, একজন মহিলা হিসাবে বলছি, যখন কোনও মহিলা এই ধরনের অভিযোগ করেন, তখন সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।
তদন্ত করা উচিত। যদি তদন্ত না হয়, তাহলে সেটা গণতন্ত্রের পক্ষে ভাল লক্ষণ নয়।’আরও পড়ুন:
এই ঘটনার দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন প্রীতম। অন্যদিকে, হরিয়ানার হিসারের বিজেপি সাংসদ বিজেন্দ্র বলেন, শুরুতেই এই ঘটনায় পদক্ষেপ নেওয়া উচিৎ ছিল। কুস্তিগীররা পদক ভাসানোর কথা বলছেন।
এটা খুবই দুর্ভাগ্যজনক। প্রচুর পরিশ্রম করলে তবেই আন্তর্জাতিক স্তরে পদক জয় করা যায়। বাধ্য না করা হলে, কেউ সেই পদক জলে ফেলার কথা বলতে পারেন না।আরও পড়ুন:
উল্লেখ্য, গত ৩৫ দিনে বিজেপির কোনও নেতা-মন্ত্রী যন্তরমন্তরে গিয়ে কুস্তিগীরদের পাশে দাঁড়াননি। এই প্রথম দুজন বিজেপি সাংসদ ব্রিজভূষণের গ্রেফতারি প্রসঙ্গে প্রকাশ্যে নির্ভিকভাবে মুখ খুললেন।