কৌশিক সালুই, বীরভূম:  বীরভূম সাংসদ শতাব্দী রায়ের লোকসভায় প্রশ্নোত্তর পর্বে বীরভূম জেলায় নির্মীয়মাণ রেলের বিভিন্ন ওভারব্রিজ নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তার একদিনের মধ্যে রেল ও প্রশাসনের বিভিন্ন স্তরে সংশ্লিষ্ট প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা শুরু হল। বৃহস্পতিবার বীরভূমের সিউড়ি বোলপুর রাজ্য সড়কের সাঁইথিয়া অন্ডাল রেল শাখার হাটজন বাজার এলাকায় থমকে যাওয়া নির্মীয়মাণ রেল ওভার ব্রিজের কাজ পরিদর্শন করলেন।

উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায় রেলের ডিভিশনাল ইঞ্জিনিয়ার এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ইঞ্জিনিয়ার,  ঠিকাদার সংস্থা, সহ অন্যান্য আধিকারিকরা। প্রায় চার বছর আগে সাঁইথিয়া অন্ডাল রেল শাখার বোলপুর সিউরি রাজ্য সড়কের হাটজন বাজারে রেলওয়ে ওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। প্রথমদিকে সংশ্লিষ্ট প্রকল্প ঠিকঠাক কাজ চললেও বর্তমানে তা থেমে আছে।

বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় গত বুধবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে স্পিকার ওম বিড়লার কাছে ওই প্রকল্প সহ জেলার আরও কয়েকটি প্রকল্প নিয়ে প্রশ্ন তোলেন। তারপর বৃহস্পতিবার জেলাশাসক বিধান রায় রেলওয়ে ডিভিশনাল ইঞ্জিনিয়ার জন স্বাস্থ্য কারিগরি দফতরের ইঞ্জিনিয়াররা হাটজন বাজার গিয়ে সংশ্লিষ্ট কাজ পরিদর্শন করেন। জানা গিয়েছে, ওই রেলওয়ে ওভার ব্রিজের ডিজাইন গত সমস্যার জন্য পরবর্তী কাজের অনুমতি দেয়নি রেল কর্তৃপক্ষ। সেই জন্যই বর্তমানে প্রকল্পের কাজটি থমকে আছে। সেই জট ছাড়িয়ে যাতে পুনরায় নির্মাণ কাজ দ্রুত শুরু করা যায় সে লক্ষ্যে জেলা প্রশাসনের সঙ্গে বিস্তর আলোচনা করেন তাঁরা। সাংসদ শতাব্দী রায় বিষয়টি নিয়ে লোকসভায় তোলাই সব পক্ষের মধ্যে তৎপরতা শুরু হয়েছে প্রকল্প দ্রুত শেষ করার লক্ষ্যে।

সাংসদ শতাব্দী রায় লোকসভায় বলেন, 'আমি বীরভূম জেলার কয়েকটি রেলওয়ে ওভার ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাব দিয়েছিলাম। সাঁইথিয়া এবং নলহাটিতে শুরু না হলেও সিউড়িতে একটা কাজ চলছে। কিন্তু সেই নির্মাণ খুব ধীরগতিতে চলছে। এলাকায় যানজট বাড়ছে। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ডি আর এম কে ছোট ছোট কাজ করানোর জন্য ক্ষমতা প্রদান করা হোক।

আমাদের সংসদ তহবিলের টাকা এতটাই কম যে সেই সমস্ত কাজ গুলো আমাদের পক্ষে করা সম্ভব নয়। রেলওয়ে মন্ত্রককে বারবার বলে কোন লাভ হচ্ছে না। মন্ত্রক যদি না কাজ করে তাহলে আমরা কোথায় যাব"।

বীরভূম জেলা শাসক বিধান রায় বলেন, ' কিছু সমস্যার জন্য সিউড়ির রেলওয়ে ওভার ব্রিজ নির্মাণের কাজ থমকে আছে। তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যাতে দ্রুত শুরু করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। নলহাটি সহ অন্যান্য ওভার ব্রিজের কাজ দ্রুত শুরু হবে'।